নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩০৮ বার পঠিত
রপ্তানিতে নেতিবাচক প্রবণতা তৈরি পোশাক শিল্পকে এক নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২৬টি দেশে পোশাক রপ্তানি কমেছে। বিশেষ করে, সবচেয়ে বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রবণতা পোশাক শিল্পের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া অপ্রচলিত বা নতুন বাজারের মধ্যে অস্ট্রেলিয়া, চিলি, ভারত, জাপান, কোরিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক এবং অন্যান্য দেশে রপ্তানি কমেছে। তবে চীন, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার মতো বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া এবং সুইডেনে রপ্তানি হ্রাস পেয়েছে। তবে স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, লাটভিয়া, স্লোভেনিয়া এবং কিছু ছোট দেশে সামান্য বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রে রপ্তানি ০.১০ শতাংশ হ্রাস পেয়েছে, যা বড় বাজারের জন্য সতর্কবার্তা। কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে তা মোট হ্রাসের চাপকে ভারসাম্যে আনতে যথেষ্ট নয়।
উল্লেখ্য, শুধু ২৬টি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেনি, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি প্রত্যাশিত গতিতে বৃদ্ধি পায়নি।
বাংলাদেশ পোশাক ব্যবসায়ী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে রপ্তানি আয় হয়েছে ১৯,৩৬৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৬৩ শতাংশ কম।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জুলাই-ডিসেম্বরের প্রথমার্ধে ইইউতে রপ্তানি হয়েছে ৯,৪৫৯ মিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় অর্ধেক। তবে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ৪.১৪ শতাংশ কমেছে।
বড় বাজারগুলোতে যেমন- জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও বেলজিয়ামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। উল্লেখিত সময়ে জার্মানিতে রপ্তানি হয়েছে ২১৮৭ মিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ২৪৬৮ মিলিয়ন, কমেছে ১১.৪ শতাংশ। ফ্রান্সে কমেছে ১০.৮৯ শতাংশ, ডেনমার্কে ১০.৫৪ শতাংশ, বেলজিয়ামে ৯.২২ শতাংশ কমেছে। তবে কিছু বাজারে বাড়তি রপ্তানিও দেখা গেছে। যেমন- স্পেনে ৬.১৮ শতাংশ, নেদারল্যান্ডসে ১.৮৫ শতাংশ, পোল্যান্ডে ৯.৪৩ শতাংশ বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার। চলতি অর্থবছরের প্রথমার্ধে সেখানে রপ্তানি হয়েছে ৩,৮৩৯ মিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় ১৯.৮২ শতাংশ। আগের বছরের তুলনায় ০.১০ শতাংশ কমেছে। নিট পোশাকে সামান্য বৃদ্ধি থাকলেও বোনা পোশাকে হ্রাসের কারণে মোট রপ্তানি আয় সামান্য কমেছে।
অপ্রচলিত বাজারগুলোতে জুলাই-ডিসেম্বরে রপ্তানি হয়েছে ৩,১৮৫ মিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৬.৪৫ শতাংশ। তবে আগের বছরের তুলনায় কমেছে ৫.৫২ শতাংশ। এর মধ্যে রাশিয়ায় ২৬.৬৩ শতাংশ, তুরস্কে ২৫.৮০ শতাংশ, মেক্সিকোয় ১৮.৬৬ শতাংশ, কোরিয়ায় ১২.৮৪ শতাংশ, ভারতে ১০.৪৪ শতাংশ কমেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, ক্রেতাদের ব্যয় সংকোচন, উচ্চ মূল্যস্ফীতি এবং দাম কমানোর চাপÑ সব মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাদের মতে, “এটি শুধু পরিসংখ্যানের বিষয় নয়। দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শ্রম বাজার এবং রপ্তানিকারকদের আয় সবকিছুর ওপর সরাসরি প্রভাব পড়ছে।’’
বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল মালিক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, “গত কয়েক মাস ধরে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার সারা বিশ্বের রপ্তানি বাজারকে ওলটপালট করে দিয়েছে। এর প্রভাব পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের বাজারেও, যেখানে আমাদের রপ্তানি উল্লেখযোগ্যভাবে ধাক্কা খাচ্ছে।’’
তিনি বলেন, “ভারত ও চীনসহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে ওই বাজারে রপ্তানি করতে পারছে না, তারা এখন ইউরোপীয় ইউনিয়নের বাজারে অর্ডার নেয়ার জন্য মূল্য কমিয়ে প্রতিযোগিতা করছে। ফলে বাংলাদেশি রপ্তানিকারকরা একই ধরনের পণ্যের অর্ডার নিতে পারছেন না। তবে ভারত সরকার তাদের ব্যবসায়ীদের জন্য বিভিন্ন প্যাকেজ সহায়তা দিচ্ছে। সম্প্রতি তারা ৭ হাজার কোটি রুপির নতুন সহায়তা অনুমোদন করেছে।’’
হাতেম বলেন, আমাদের সরকার আইএমএফ কর্মসূচি ও এলডিসি গ্র্যাজুয়েশনের যুক্তি দেখিয়ে রপ্তানি খাতের নগদ সহায়তা এবং অন্যান্য সুবিধা প্রত্যাহার করেছে। যে সামান্য সহায়তা অবশিষ্ট ছিল, তার মেয়াদও ডিসেম্বরে শেষ হয়ে গেছে। আমরা ইতোমধ্যে সরকারকে নবায়নের জন্য অনুরোধ জানিয়েছি, যা রপ্তানিকারকদের টিকে থাকতে সহায়তা করবে। না হলে স্পিনিং মিল বন্ধ এবং একের পর এক গার্মেন্টস বন্ধ হওয়া রপ্তানি খাতের জন্য মারাত্মক সংকেত।”
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “বিশ্ববাজারে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে বাংলাদেশের রপ্তানি মন্দা দেখা দিয়েছে। তবে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল মার্কেটিং এবং নতুন বাজারে প্রবেশের মাধ্যমে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বড় বাজারে চাহিদা বাড়াতে দ্রুত উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “রপ্তানি খাতের জন্য সরবরাহ চেইন, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনশীল চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সচেতন হয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
Posted ০৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com