|

Advertisement
×

প্যারামেট্রিক বীমায় প্রিমিয়াম ও ক্ষতিপূরণ নির্ধারণে আসছে অভিন্ন নীতিমালা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৭ বার পঠিত

প্যারামেট্রিক বীমায় প্রিমিয়াম ও ক্ষতিপূরণ নির্ধারণে আসছে অভিন্ন নীতিমালা

দুর্যোগের আর্থিক ক্ষতি মোকাবিলায় প্যারামেট্রিক বীমা চালুর জন্য অভিন্ন নীতিমালা তৈরি করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বীমা পণ্যের নকশা, প্রিমিয়াম নির্ধারণ, ক্ষতিপূরণ পাওয়ার শর্ত এবং তথ্যের উৎস নির্ধারণ করা হবে। ফলে বেসরকারি বীমা কোম্পানিগুলো নিজেদের মতো করে এসব শর্ত পরিবর্তন করতে পারবে না।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আইডিআরএ সম্মেলনকক্ষে ‘দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ নীতিমালা তৈরি করা হবে। প্রকল্পটির আওতায় তিন বছর মেয়াদি প্যারামেট্রিক বীমার পরীক্ষামূলক কার্যক্রম চলছে। ইতিমধ্যে প্রকল্পের এক বছরের বেশি সময় পার হয়েছে। এ সময়ে অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণ করে অভিন্ন মানদণ্ড তৈরির কাজ শুরু হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, পরীক্ষামূলক প্রকল্প শেষ হওয়ার পর এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অন্যান্য এলাকায় প্যারামেট্রিক বীমা চালু করা যাবে। এতে প্রতিটি এলাকায় নতুন করে পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার প্রয়োজন হবে না।

প্যারামেট্রিক বীমায় প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণের পরিবর্তে আগে থেকে নির্ধারিত কিছু শর্ত পূরণ হলে বীমাগ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। এসব শর্তকে বলা হয় ‘ট্রিগার’। যমুনা প্রকল্পে বন্যার পানির উচ্চতা নির্ধারণে পানি উন্নয়ন বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে। তবে বন্যার পর পরিস্থিতি যাচাইয়ের পদ্ধতি আরও উন্নত করার কাজ চলছে বলে জানান তিনি।

বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মীর নাদিয়া নিভিন বলেন, পণ্যের নকশা, ক্ষতিপূরণের শর্ত, তথ্যের উৎস ও প্রিমিয়াম নির্ধারণে অভিন্ন মানদণ্ড অনুসরণ করতে হবে। কোনো কোম্পানি নিজেদের মতো করে এসব শর্ত পরিবর্তন করতে পারবে না।

তবে ক্ষতিপূরণ দেওয়ার সময় ও অর্থ পরিশোধের মাধ্যমের মতো সেবার ক্ষেত্রে কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার সুযোগ থাকবে। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করা সম্ভব, সেটিও বিবেচনায় রাখতে হবে।

সারা দেশে প্যারামেট্রিক বীমা সম্প্রসারণে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে এ ধরনের বীমা চালু করতে পারে। পাশাপাশি বেসরকারি বীমা কোম্পানিগুলোও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে পণ্য বাজারে আনতে পারবে।

মীর নাদিয়া নিভিন বলেন, বাংলাদেশে প্রায় প্রতিবছর বন্যা ও তাপপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের আর্থিক ক্ষতির বড় অংশ সরকারকে বহন করতে হয়। বীমা ও পুনর্বীমার মাধ্যমে এ ঝুঁকির একটি অংশ বীমা খাতে স্থানান্তর করা সম্ভব।

নতুন বীমা পণ্য পরীক্ষার জন্য আইডিআরএ একটি ‘রেগুলেটরি স্যান্ডবক্স’ তৈরি করেছে বলেও জানান তিনি। এর মাধ্যমে তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগভিত্তিক বীমা পণ্য পরীক্ষার সুযোগ তৈরি হবে। কার্যকারিতা যাচাইয়ের পর এসব পণ্যের জন্য মানদণ্ড তৈরি করে বাজারে আনার উদ্যোগ নেওয়া হবে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, এত দিন বীমা খাতের নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন নতুন বীমা পণ্য উদ্ভাবন ও খাতের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com