|

Advertisement
×

বীমা পাড়া থেকে দূরে যেতে চায় আইডিআরএ, অতিরিক্ত ব্যয় নিয়েও আলোচনা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৯৬ বার পঠিত

বীমা পাড়া থেকে দূরে যেতে চায় আইডিআরএ, অতিরিক্ত ব্যয় নিয়েও আলোচনা

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিল থেকে আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কার্যালয়ের জন্য স্থান শনাক্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। এরই মধ্যে আগারগাঁওয়ের আইডিবি ভবনের মেইন টাওয়ারে প্রায় ৩২ হাজার বর্গফুটের একটি অফিস স্পেস শনাক্ত করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বৈঠকে কার্যালয় স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি নতুন কার্যালয় শনাক্তে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বলা হয়েছে, বীমা খাতের সুষ্ঠু ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে ঢাকা শহরের সুবিধাজনক স্থানে আনুমানিক ৫০ হাজার বর্গফুট ফ্লোর বা স্পেস শনাক্ত করে মতামতসহ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে কমিটি।

নতুন কার্যালয়ে বাড়বে ভাড়া ব্যয়

বর্তমানে রাজধানীর দিলকুশায় এসবিসি টাওয়ারে ২৯ হাজার ৬৭৬ বর্গফুট আয়তনের কার্যালয় থেকে আইডিআরএর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যালয়ের জন্য বছরে ভ্যাট ছাড়া প্রায় ৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা ভাড়া দিতে হয়।

এ ছাড়া একই ভবনের সপ্তম তলায় ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টারের জন্য ৩ হাজার ৫০০ বর্গফুট জায়গার বার্ষিক ভাড়া প্রায় ৩২ লাখ ৭৬ হাজার টাকা।

নতুন প্রস্তাব অনুযায়ী, আগারগাঁওয়ের আইডিবি মেইন টাওয়ারের ১১, ১৪, ১৬ ও ১৭ তলায় মোট ৩২ হাজার বর্গফুট ফ্লোর স্পেস পাওয়া গেছে। প্রতি বর্গফুট ১৫১ টাকা ২৫ পয়সা হারে এ জায়গার বার্ষিক ভাড়া দাঁড়াবে প্রায় ৫ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, বর্তমান এসবিসি টাওয়ারে ডিজাস্টার রিকভারি সেন্টারটি রেখে দেওয়া হলে নতুন প্রধান কার্যালয় ও বর্তমান ডিআর সেন্টার মিলিয়ে মোট জায়গা হবে ৩৫ হাজার ৫০০ বর্গফুট। এতে বছরে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা।

অর্থাৎ, বর্তমান কার্যালয় ও ডিআর সেন্টারের তুলনায় প্রস্তাবিত ব্যবস্থায় আইডিআরএর বার্ষিক ব্যয় প্রায় ১ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা বাড়বে।

বীমা কোম্পানির প্রধান কার্যালয় নিয়ে প্রশ্ন:

কার্যালয় স্থানান্তরের উদ্যোগের সঙ্গে আইডিআরএ ও বীমা কোম্পানিগুলোর ভৌগোলিক নৈকট্যের বিষয়টি আলোচনায় এসেছে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৮১টি বীমা কোম্পানির প্রধান কার্যালয়ের মধ্যে ৪৫টি মতিঝিল, পল্টন, কাকরাইল ও দৈনিক বাংলা মোড়সংলগ্ন এলাকায় অবস্থিত। বিপরীতে আগারগাঁওয়ে কোনো বীমা কোম্পানির প্রধান কার্যালয় নেই। তবে আগারগাঁওয়ের আশপাশের এলাকায় কয়েকটি বীমা কোম্পানির প্রধান কার্যালয় বা কার্যালয় রয়েছে।

এ কারণে আইডিআরএর কার্যালয় আগারগাঁওয়ে স্থানান্তরিত হলে নিয়ন্ত্রক সংস্থাটি দেশের প্রধান ‘বীমা পাড়া’ থেকে তুলনামূলকভাবে দূরে চলে যাবে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন।

তাঁদের মতে, বীমা কোম্পানিগুলোর প্রধান কার্যালয়ের অবস্থান বিবেচনায় মতিঝিল-পল্টন-কাকরাইল-দৈনিক বাংলা মোড় ও সংলগ্ন এলাকা এখনো বীমা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি।

কর্মকর্তা-কর্মচারীদের পারিবারিক ব্যবস্থাপনার বিষয়ও আলোচনায়:

কার্যালয় স্থানান্তর হলে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক ব্যবস্থাপনার ওপরও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন।

তাঁদের বক্তব্য, বর্তমান কার্যালয়কে কেন্দ্র করে অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে আবাসন, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য পারিবারিক ব্যবস্থা গড়ে তুলেছেন। নতুন এলাকায় অফিস স্থানান্তর হলে এসব ব্যবস্থাপনায় পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।

তবে এটি স্থানান্তরের সিদ্ধান্তের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত অবস্থান এখনো জানা যায়নি।

ডিআর সেন্টার বর্তমান স্থানেই রাখার প্রস্তাব:

আইডিআরএর ডিজাস্টার রিকভারি সেন্টার নিয়েও পৃথক বিষয় রয়েছে। এসবিসি টাওয়ারের সপ্তম তলায় থাকা ডিআর সেন্টারে ভারী সার্ভার, কারিগরি সরঞ্জাম ও সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। ফলে এটি অন্যত্র স্থানান্তর করা জটিল ও ব্যয়বহুল হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ কারণে প্রধান কার্যালয় আগারগাঁওয়ে স্থানান্তর করা হলেও ডিআর সেন্টারটি বর্তমান স্থানে রাখার পক্ষে মত রয়েছে।

তবে কার্যালয় স্থানান্তর হলে আইডিআরএর কী কী সুবিধা হবে জানতে চাইলে সংস্থাটির গণমাধ্যম পরামর্শক সাদিক আরমান জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়ে জানানো হবে।

Facebook Comments Box

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com