খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, মাদক নির্মূলে পরিবারকে আগে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সোমবার দুপুরে রাঙামাটি শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এসব কথা বলেন। দীপেন দেওয়ান বলেন, মাদক নির্মূলে আইন পরিবর্তন করে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান করা প্রয়োজন। এ ক্ষেত্রে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ীদের সহযোগিতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে রাঙামাটিকে মাদকমুক্ত রাখা সম্ভব। তাঁর দলের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, মাদকের গডফাদার, ব্যবসায়ী ও সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে মাদক নামের এই ‘ক্যানসার’ একা পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। ডিআইজি বলেন, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, ছাত্র-জনতা ও রাজনীতিবিদসহ সমাজের সবাই সহযোগিতা করলে মাদকের কোনো অস্তিত্ব থাকবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের কোনো ছাড় নেই। পুলিশের কোনো সদস্য মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সন্তানদের মাদক থেকে রক্ষা করব।’ মাদক সম্পর্কে পুলিশকে নির্ভয়ে তথ্য দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মামুনুর রশীদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, রাঙামাটি ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন ও কমিউনিটি পুলিশের সহসভাপতি নবজ্যোতি খীসা। ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে সমাবেশের আগে শহরের তবলছড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
Posted ০৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com