|

Advertisement
×

মালিকপক্ষ না চাইলে বীমার সিইওর পক্ষে আনইথিক্যাল প্র্যাকটিস সম্ভব নয়: বিআইএ প্রেসিডেন্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৮৬ বার পঠিত

মালিকপক্ষ না চাইলে বীমার সিইওর পক্ষে আনইথিক্যাল প্র্যাকটিস সম্ভব নয়: বিআইএ প্রেসিডেন্ট

মালিকপক্ষ না চাইলে কোনো বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রতিষ্ঠানে অনৈতিক চর্চা করতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের বীমা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি এ সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আ. স. ম. ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান তারেক।

কাভার নোটে অনৈতিক চর্চার অভিযোগ প্রসঙ্গে সাঈদ আহমেদ বলেন, ‘আনইথিক্যাল প্র্যাকটিসের জন্য আমরা সিইও মহোদয়দের বলি। কিন্তু আমরা মালিকরা আসলে কতটুকু ভালো? আমরা মালিকরা যদি চাই, তাহলে কোনো সিইওর পক্ষে কি সম্ভব সে কিছু করতে পারে?’

বিআইএ প্রেসিডেন্ট বলেন, বীমা খাতের অনিয়ম নিয়ে আলোচনা হলেও সমস্যার মূল জায়গাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ কম। শুধু কত টাকা দাবি বকেয়া রয়েছে, তা বলা হয়; কিন্তু একই সঙ্গে কত টাকা দাবি পরিশোধ করা হচ্ছে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

দুর্বল কোম্পানি মার্জারে আমলাতান্ত্রিক জটিলতার আশঙ্কা:

দুর্বল বীমা কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার পরিকল্পনা না করে একীভূত বা মার্জ করার কথা বলা হচ্ছে উল্লেখ করে সাঈদ আহমেদ বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে নানা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘কে মার্জ করবে, কার কতখানি সম্পদ-এগুলো খুবই চিন্তার বিষয়।’

বীমা খাতের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সমস্যার পরিসংখ্যান তুলে ধরলে হবে না; সমস্যার সমাধানের পথও বের করতে হবে।

বছরে ১৮ হাজার কোটি টাকা ব্যাংকে, প্রশ্ন বিআইএ সভাপতির:

বীমা খাতের সঙ্গে ব্যাংক খাতের আর্থিক সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন সাঈদ আহমেদ।

তিনি বলেন, ‘বীমা খাত থেকে প্রতিবছর ১৮ হাজার কোটি টাকা ব্যাংক খাতে দেওয়া হচ্ছে। বিনিময়ে ব্যাংক আমাদের কী দিচ্ছে? বীমা খাত কী পরিমাণ ঋণ পাচ্ছে?’

একই ধরনের একাডেমিক যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যাংকের সিইওদের তুলনায় বীমা কোম্পানির সিইওদের সুযোগ-সুবিধা অনেক কম বলেও মন্তব্য করেন তিনি।

মাইক্রোইন্স্যুরেন্স বাড়ানোর তাগিদ:

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বীমা খাতের বিকাশে মাইক্রোইন্স্যুরেন্স পণ্যের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বীমার দাবি প্রত্যাখ্যান করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে গেছে। এ ক্ষেত্রে সার্ভেয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক সময় সার্ভেয়াররাও দাবি প্রত্যাখ্যানে সহযোগিতা করেন এবং কখনো কখনো সেভাবেই তাঁদের নিয়োগ দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি।

নন-লাইফ বীমা খাতে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের কারণে অসুস্থ প্রতিযোগিতা বাড়ছে বলেও মন্তব্য করেন সমাজকল্যাণ সচিব।

তিনি বলেন, ‘গ্রাহক যখন জানেন যে ৫৭ শতাংশ বীমা দাবি পরিশোধ করা হয় না, তখন স্বাভাবিকভাবেই তাঁর বীমার প্রতি আগ্রহ কমে যায়।’

সাম্প্রতিক সময়ে বীমা খাতে দাবি নিষ্পত্তির হার এবং বকেয়া দাবি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দাবি নিষ্পত্তির হার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেমিনারে বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জ, অনিয়ম, ব্যবস্থাপনা ব্যয়, দাবি নিষ্পত্তি, মাইক্রোইন্স্যুরেন্স এবং খাতটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সেমিনারে অন্যান্যের মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের পরিচালক মতিউর রহমান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

Facebook Comments Box

Posted ০৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com