|

Advertisement
×

মোটর বীমার প্রিমিয়াম হার নিয়ে ভুয়া সার্কুলার, আইডিআরএর সতর্কতা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১৫১ বার পঠিত

মোটর বীমার প্রিমিয়াম হার নিয়ে ভুয়া সার্কুলার, আইডিআরএর সতর্কতা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সার্কুলারকে ভুয়া, ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে সংস্থাটি। ওই সার্কুলারে মোটর বীমা পলিসির প্রথম পক্ষের (ফার্স্ট পার্টি) কমপ্রিহেনসিভ ইনস্যুরেন্স কভারেজের জন্য নতুন প্রিমিয়াম হার নির্ধারণের দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সার্কুলারটিতে বলা হয়েছে, ১ হাজার ৬০০ সিসি পর্যন্ত সেডান গাড়ির বার্ষিক প্রিমিয়াম ৫ হাজার ৫০০ টাকা, ১ হাজার ৬০১ থেকে ২ হাজার সিসি পর্যন্ত সেডানের জন্য ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার সিসি পর্যন্ত এসইউভি/জিপের জন্য ৯ হাজার ৫০০ টাকা, ২ হাজার সিসির বেশি এসইউভি/জিপের জন্য ১২ হাজার টাকা এবং মাইক্রোবাস/ভ্যানের জন্য ১০ হাজার ৫০০ টাকা প্রিমিয়াম নির্ধারণের কথা উল্লেখ রয়েছে।

সার্কুলারটিতে আরও দাবি করা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি, পুনঃবীমা ব্যয়, গাড়ি মেরামতের খরচ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের ঝুঁকি বিশ্লেষণ করে এসব প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে।

এমনকি নথিটিতে আইডিআরএর স্মারক নম্বর, তারিখ এবং একজন কর্মকর্তার স্বাক্ষরও ব্যবহার করা হয়েছে বলে দেখা গেছে।

তবে আইডিআরএর জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই সার্কুলারের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। আইডিআরএ এ ধরনের কোনো সার্কুলার জারি করেনি।

কর্তৃপক্ষ বলেছে, প্রচারিত সার্কুলারটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও অসত্য। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে গণমাধ্যমকর্মী, অংশীজন ও সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে আইডিআরএ।

কোনো তথ্য, বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ বা প্রচারের আগে আইডিআরএর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে যাচাই করে নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

আইডিআরএর জনসংযোগ বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষের নামে প্রচারিত কোনো নথি বা সার্কুলারের সত্যতা নিয়ে সন্দেহ থাকলে তা যাচাই ছাড়া প্রকাশ বা প্রচার না করাই উচিত।

Facebook Comments Box

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com