নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৪৪ বার পঠিত
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা গেজেটের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেট গত ১৭ সেপ্টেম্বর জারি করে অর্থ বিভাগ। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই গেজেটের অনুলিপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের অনুলিপি পাঠানো হয়েছে।
এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেটের দুটি কপি সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গেজেটের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।
Posted ০৮:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com