শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
সাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে রাঙামাটিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের পথ খোঁজা হবে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হেডম্যান ও কার্বারিদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং হেডম্যান-কার্বারিরা অংশ নেন।
বৈঠক শেষে ওয়াদুদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সাজেকের আন্দোলনে কার্বারি অ্যাসোসিয়েশনের নাম আসায় হেডম্যান ও কার্বারিদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছেন তাঁরা।
তিনি জানান, রাঙামাটির তিনজন হেডম্যান ও কার্বারিকে নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে খাগড়াছড়ির হেডম্যান ও কার্বারিদেরও সম্পৃক্ত করা হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি। গতকাল আন্দোলনকারীদের একটি বিবৃতিতে আলোচনায় বসার আগ্রহ প্রকাশের বিষয়টি জানা গেছে। এতে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের নতুন সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত অচলাবস্থার অবসান ঘটবে। এতে সাজেকের পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা এবং পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার পথও সুগম হবে। এখন সংকট নিরসনে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে সংলাপ শুরুর অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
Posted ০৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন