অনলাইন ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২৯ বার পঠিত
রিয়াদ বিমানবন্দরে হামলার পর সৌদিগামী ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনের কারণে ১৩ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মী ও ওমরাহযাত্রীর ভ্রমণ বিঘ্নিত হয়েছে। এতে চাকরি, ভিসার মেয়াদ এবং দেশে ফেরার যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবগামী ৮২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা বিঘ্নিত হয়েছে। এতে মোট ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের স্থগিত করা ফ্লাইটও এ হিসাবের অন্তর্ভুক্ত।
বেবিচকের তথ্য বলছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
যাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।
এদিকে, যেসব যাত্রীর আগে থেকেই ফেরার টিকিট কাটা রয়েছে, তারাও রিফান্ড পাওয়া কিংবা বিকল্প ফ্লাইট নিশ্চিত করতে সমস্যায় পড়ছেন। অন্য এয়ারলাইনসের টিকিটের দাম কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে। ফলে বাড়তি খরচের চাপও সামলাতে হচ্ছে যাত্রীদের।
ওমরাহযাত্রীরাও এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন। ওমরাহ এজেন্সির মালিক আকবর আলী জানান, তাঁর এজেন্সিগুলোর মাধ্যমে টিকিট কাটা অন্তত ২০০ জন ওমরাহযাত্রী ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, ১১ অক্টোবর রিয়াদ এয়ারের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল ৪০ জন ওমরাহযাত্রীর। ফ্লাইট বাতিল হওয়ায় তাঁদের সালামএয়ারের ফ্লাইটে টিকিট দিতে হয়েছে। এতে জনপ্রতি টিকিটের দাম ৩০ হাজার টাকা থেকে বেড়ে ৬০ হাজার টাকা হয়েছে।
সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে দেশটির সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সরকার।
সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, সংকটের মধ্যে আলোচনা কঠিন হলেও যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করতে সমাধান খোঁজা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাস আহত বাংলাদেশিদের নিয়মিত খোঁজখবর রাখছে। রাষ্ট্রদূত ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করছেন।
এ ছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়েও সরকারের উদ্যোগ রয়েছে বলে জানান তিনি। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কিছু কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। অন্যদিকে, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধিত কোনো কর্মী মারা গেলে তাঁর পরিবার সরকারি সহায়তা হিসেবে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা পেয়ে থাকে।
সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে বাতিল বা বিলম্বের তথ্য যাত্রীদের দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে বেবিচক। পাশাপাশি বিকল্প ফ্লাইটে বুকিং, টিকিটের অর্থ ফেরত এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
১২ অক্টোবর দেওয়া এক নির্দেশনায় বেবিচক আরও জানায়, ভিসার মেয়াদ বাড়ানো কিংবা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে।
এদিকে, রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
গতকাল ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
অন্যদিকে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের সতর্ক থাকার, নিরাপদ স্থানে অবস্থান করার এবং জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার নারায়ণগঞ্জের বন্দরে একটি শ্রমিক কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, হামলার পর থেকে প্রবাসীদের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত এক বাংলাদেশির বাবার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী কর্মী ও ওমরাহযাত্রীদের ভ্রমণ অনিশ্চয়তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে যাত্রার সিদ্ধান্ত নেওয়া এবং ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com