নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ প্রিন্ট ৫০ বার পঠিত
দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। গত বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, যিনি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে, এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন বিদ্যমান সচিবকে অন্যত্র বদলি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। এদিকে চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রশাসনে এই ব্যাপক রদবদলকে সরকারের কার্যক্রমে গতি আনা এবং দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com