|

Advertisement
×

১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

১৫ অক্টোবর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা

ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা আগামী ১৫ অক্টোবর থেকে তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। এ জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহমিদুল হক।

সাক্ষাৎকালে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে উদ্যোক্তা ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।’

এ পরিপ্রেক্ষিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন গভর্নর। বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে আমানতকারীরা যাতে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সারোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com