|

Advertisement
×

কোরিয়ান কোম্পানিকে জাহাজ নির্মাণে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সোমবার, ০৩ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

কোরিয়ান কোম্পানিকে জাহাজ নির্মাণে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বমানের দক্ষতা অর্জন করেছে, আর বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে সে দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত করতে পারে।

তিনি আরও বলেন, কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ)-এর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী।

ইয়ো হান-কু বলেন, সিইপিএ কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে।

তিনি জানান, ইতোমধ্যে অনেক দক্ষিণ কোরীয় কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহী।

এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তাদের খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে দক্ষিণ কোরীয় কোম্পানিগুলোকে নিয়ে একটি বিনিয়োগ ও ব্যবসাবিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়। এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে ইয়ো হান-কু বলেন, বাংলাদেশের এসব উদ্যোগ ও প্রস্তাব দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:০২ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com