নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ প্রিন্ট ৫৩ বার পঠিত
বীমা আইন লঙ্ঘন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পূর্বানুমোদনের বাধ্যবাধকতা প্রতিপালন না করে অনুমোদনহীন বীমা পলিসি বাজারজাত ও বিক্রি, ২০২৪ ও ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করা এবং ২০২৩ সালের পর থেকে কোম্পানির দায় মূল্যায়ন (অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন) প্রতিবেদন প্রস্তুত না করাসহ বীমা আইন, ২০১০-এর বিভিন্ন বিধান প্রতিপালনে ব্যর্থ হওয়ায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আইডিআরএ।
গত ৩ আগস্ট কোম্পানিটিকে কারণ দর্শানোর এই নোটিশ দেয়া হয়েছে। বীমা আইনের বিধানসমূহ লঙ্ঘনের দায়ে কোম্পানিটির বিরুদ্ধে কেন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জারি করা নোটিশে কোম্পানিটিকে সাত কার্যদিবসের মধ্যে সে বিষয়ে তথ্য প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল করতে ব্যর্থ হলে অথবা প্রদত্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য বিবেচিত না হলে বীমা আইন, ২০১০ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
আইডিআরএর রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখা থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা আইন, ২০১০-এর একাধিক বিধান প্রতিপালনে ব্যর্থ হয়েছে।
নোটিশ অনুযায়ী, কোম্পানিটি ২০২৩ সালের পর থেকে কোনো অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট প্রস্তুত করেনি। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীও আইন অনুযায়ী হিসাব বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আইডিআরএতে জমা দেয়নি।
আরও বলা হয়েছে, আইডিআরএর অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা প্রতিপালন না করেই কোম্পানিটি অনুমোদনহীন বীমা পলিসি বাজারজাত ও বিক্রি করেছে, যা বীমা আইন, ২০১০-এর বিধান পরিপন্থী।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন কোম্পানিটির বিরুদ্ধে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে আইডিআরএ।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল করতে ব্যর্থ হলে অথবা প্রদত্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য বিবেচিত না হলে বীমা আইন, ২০১০ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত এক সভায়, সঠিক সময়ে বীমা দাবি পরিশোধ , ব্যবসা সম্প্রসারণ ও ব্যবস্থাপনা ব্যয় হ্রাসে কোম্পানিটি কী পদক্ষেপ নেবে সে সংক্রান্ত কর্মপরিকল্পনা চলতি মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে আইডিআরএ।
Posted ০৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com