নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুটি পরিবারের সদস্য রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের তীব্রতায় গাড়িতে থাকা সাতজনই প্রাণ হারান।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের হিমায়িত সামুদ্রিক খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আল-আবির কোল্ডস্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই প্রতিষ্ঠানের আরেক স্টোরকিপার আলমশাহ এবং তাঁর মাত্র এক মাস বয়সী মেয়েও দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী প্রাণ হারিয়েছেন।
একই প্রতিষ্ঠানে কর্মরত দুই স্টোরকিপারের পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে এক মাস বয়সী শিশুর মৃত্যুর খবরটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর বেদনার সৃষ্টি করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহ বর্তমানে মদিনার সরকারি হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ ও দায়ী যানবাহনের চালকের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও জানা যায়নি।
Posted ০৮:০১ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন