নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২০ বার পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান।
বিকেল ৩টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে র্যালিটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় স্লোগানে মুখর নেতাকর্মীদের হাতে শোভা পায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ডও বহন করেন তাঁরা।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত র্যালি শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় সূত্রে বলা হয়, দীর্ঘ ২০ বছর পর এবার নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। দলটির দাবি, ফ্যাসিবাদী শাসনামলে দিবসটি নিয়ে অপপ্রচার ও ইতিহাস বিকৃতি করা হয়েছে। ফলে নতুন প্রজন্মের অনেকেই ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা, এর প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে যথাযথভাবে জানতে পারেনি।
বিএনপির ভাষ্য, দলটি রাষ্ট্রক্ষমতায় আসার পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
Posted ০৭:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন