অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে বিদ্যমান নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ড সংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও সভায় উপস্থাপন বাধ্যতামূলক করার লক্ষ্যে বিদ্যমান নির্দেশনা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মানচিত্র দেখুন
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ডিভিডেন্ড বিতরণসংক্রান্ত নির্দেশনা পরিপালনের পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিভিডেন্ড বিতরণে নির্দেশনা লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা
কমিশনের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি বার্ষিক বা চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলে সেই ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ বিতরণের উদ্দেশ্যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের অন্তত এক দিন আগে একটি পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। এ অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের ওই প্রত্যয়নপত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবের মাধ্যমে সত্যায়িত করতে হবে। পরে প্রত্যয়নপত্রটি বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতে জমা দিতে হয়।শেয়ারে বিনিয়োগ করুন
তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে কমিশনের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে ১০৩৩তম কমিশন সভায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের ক্ষেত্রে আরও কঠোর শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ঘোষিত ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা, সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ এবং তা বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করার বিষয়গুলো নিশ্চিত না করে কোনো কোম্পানি সভায় ডিভিডেন্ড সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করতে পারবে না। অর্থাৎ, ডিভিডেন্ডের অর্থ সংরক্ষণ ও ব্যাংকের প্রত্যয়নপত্র উপস্থাপনের শর্ত পূরণ না হলে এজিএমে ডিভিডেন্ডের প্রস্তাব উপস্থাপনের সুযোগ থাকবে না।
স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ হচ্ছে
এদিকে, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং এ-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং পরবর্তী সময়ে এ কোডে আনা সংশোধনীগুলোর আওতায় কোনো স্বতন্ত্র পরিচালককে পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়া হবে।
একই সঙ্গে স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত শর্তে পূর্বে দেওয়া অব্যাহতির প্রয়োগ নিয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর শর্ত ১(৩)(ঘ) অনুযায়ী, কোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালককে কোডের শর্ত ১(৩)(খ) ও ১(৩)(গ)-তে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কোনো বিধান থেকে আগে অব্যাহতি বা শিথিলতা দেওয়া হয়ে থাকলে, সেই অব্যাহতি পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও কার্যকর থাকবে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ ধরনের কোনো স্বতন্ত্র পরিচালককে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন করে নিয়োগ অথবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে আগে দেওয়া অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। ফলে একই বিষয়ে নতুন করে অব্যাহতি নেওয়ার প্রয়োজন হবে না।
বিএসইসির মতে, এ সিদ্ধান্তের ফলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সহজ হবে এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
কমিশনের ১০৩৩তম সভায় গৃহীত এসব সিদ্ধান্তের মাধ্যমে একদিকে লভ্যাংশ বিতরণসংক্রান্ত নির্দেশনা পরিপালন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতা কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
Posted ০৬:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com