অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই পর্যটনের সম্ভাবনা তুলে ধরতে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এবারের মেলায় ২০টির বেশি দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে মেলার ১৪তম আসর। এবারের প্রতিপাদ্য ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টির বেশি দেশের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০ জনের বেশি প্রদর্শক এবং ২৫০ জনের বেশি সম্ভাব্য বাণিজ্যিক ক্রেতা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, তিন দিনে ২ হাজার ৫০০ জনের বেশি বাণিজ্যিক দর্শনার্থী ও ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম ঘটানো। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে অংশ নেবে ২০০টির বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর।
এবারের মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকেরা মনে করছেন, এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ বলেন, বিটিটিএফের আগের ১৩টি আয়োজনের ধারাবাহিকতায় মেলাটি দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের আয়োজন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীদের সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্যিক সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।
এবারের আয়োজনের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (এয়ারলাইনস পার্টনার), ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট (প্ল্যাটিনাম হসপিটালিটি পার্টনার), সেবার (জিডিএস পার্টনার), ইমপ্যাক্ট কমিউনিকেশনস লিমিটেড (পিআর পার্টনার), এম৩৬০আইসিটি (টেকনোলজি পার্টনার), কনভে সার্ভিস (ট্রান্সপোর্ট পার্টনার) এবং মায়েস্ট্রো (ডিজিটাল পার্টনার)। অডিওভিজ্যুয়াল পার্টনার হিসেবে রয়েছে প্যানোরামা পিসি ক্রিয়েটরস ও রুচি।
আয়োজকদের প্রত্যাশা, এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দেওয়া এবারের বিটিটিএফ বাংলাদেশের পর্যটন খাতের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরিতে সহায়ক হবে।
Posted ০১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন