নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১২৫ বার পঠিত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আর নির্ধারিত নতুন মজুরি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং শ্রমিক-মালিকপক্ষের প্রতিনিধিরা।
এদিন বেলা ১১টায় শুরু হওয়া সভায় নবনিযুক্ত চেয়ারম্যানসহ বোর্ডের ছয় সদস্য অংশ নেন। বৈঠকে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন, মজুরি বৃদ্ধির দাবি এবং দ্রুত নতুন বেতন কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আগামী সপ্তাহেই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি ও প্রস্তাব লিখিত আকারে জমা দেবেন। সেসব প্রস্তাব পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর সুপারিশ চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, আগের মতো মজুরি নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা করা হবে না। শ্রমিকদের ন্যায্য পাওনা ও শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।
মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। সে অনুযায়ী জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন কাঠামোয় বেতন পাবেন।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় আন্দোলন অব্যাহত না রেখে শ্রমিকদের কাজে ফিরে যাওয়া উচিত। উৎপাদন সচল রাখা এবং শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ নিয়ে কোনও দ্বিধা নেই বলেও জানান তিনি।
এর আগে, বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।
এদিকে, নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
Posted ০৩:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন