নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১২ শতাংশ ছাড়িয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, রাজস্ব ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগে পৃথক টাস্কফোর্স গঠনের পর আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি উইংভিত্তিক টাস্কফোর্স গঠন করা হয়। এরপর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশ হয়েছে। এ অগ্রগতি থেকে বোঝা যায়, সরকারের সংস্কার কর্মসূচি কাজে আসছে।
তিনি বলেন, গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ শুল্ক আদায় হয়েছে। আয়কর আদায়ের ক্ষেত্রেও একই ধরনের অগ্রগতি দেখা গেছে।
তিতুমীর বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে। জিডিপির তুলনায় দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের হার ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়া ও বিশ্বপরিসরে সর্বনিম্ন পর্যায়ের মধ্যে। সরকার ২০৩০ সালের মধ্যে এ হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।
তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানো ছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ সামাজিক খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। সরকার জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় ৫ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্য অর্জনে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর বিকল্প নেই।
সাম্প্রতিক সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি ও ভ্যাটের ঋণাত্মক প্রবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের কারণে এ খাত পুনরুদ্ধারেই প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
তিনি বলেন, অর্থনীতিকে সচল করতে বিনিয়োগ, সরকারি ব্যয়, ভোগব্যয় ও রপ্তানি আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক প্যাকেজ ঘোষণা করেছে। এর এক-পঞ্চমাংশ এরই মধ্যে বিতরণ করা হয়েছে।
দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য শুমারি ও যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি। তার মতে, দরিদ্র মানুষের ভোগব্যয় বাড়ানো এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি অর্থনীতির চাকা সচল করতে ভূমিকা রাখবে।
রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করার অভিযোগ নাকচ করে তিতুমীর বলেন, এনবিআরের পরিসংখ্যান ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে। আইবাস++ থেকে প্রতিদিন তথ্য পাওয়া গেলেও সমন্বয়ের কারণে কিছুটা সময় লাগে। ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করা হবে।
জ্বালানি তেল বিক্রির পর্যায়ে নতুন করে আবগারি শুল্ক আরোপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। বর্তমানে বিষয়টি কারিগরি পর্যায়ে রয়েছে। আলোচনা শেষে নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভ্যাট অডিট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ঝুঁকিভিত্তিক অডিট পদ্ধতি চালু করা হয়েছে। ঝুঁকির বিভিন্ন নির্দেশকের ভিত্তিতে প্রতিষ্ঠান চিহ্নিত করে অডিট কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রাজস্ব-সংক্রান্ত প্রায় ২৯ হাজার অনিষ্পন্ন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব মামলায় বিপুল পরিমাণ রাজস্ব আটকে রয়েছে।
এনবিআরের প্রশাসনিক সংস্কারের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাজস্ব আহরণ ও রাজস্ব নীতি—এ দুটি পৃথক বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য করের হার না বাড়িয়ে ন্যায্যতাভিত্তিক করব্যবস্থা গড়ে তোলা। কর ফাঁকি, কর জালিয়াতি ও অযৌক্তিক কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়াতে চায় সরকার।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, যদি বিগত আওয়ামী লীগ সরকারের এক দশক চিন্তা করা যায়, তাহলে দেখা যাবে যে ঋণের পরিমাণ ৩০০ শতাংশ বেড়েছে। আর যদি ২০০৬-০৭ বা ২০০৭-০৮ থেকে হিসাব করা যায়, সেটার পরিমাণ ৩২৩ শতাংশ হবে।
তিনি আরও বলেন, সুদ-আসল পরিশোধে সরকারের ৪ দশকমিক ৪৯ বিলিয়ন ডলার লেগেছে, যা কোনো কোনো হিসাবে ২০৩০ সাল নাগাদ বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, আগে খেলাপি ঋণ দেখানো হতো ১১ শতাংশ, কিন্তু ফরেনসিক অডিটে তা ৩৫ দশমিক ৭২ শতাংশ পাওয়া গেছে। তার পরিব্যাপ্তি অর্থনীতির সব ক্ষেত্রে। ব্যাংক খাতে যে পরিমাণ লুটপাট হয়েছে, সেটি পুনরুদ্ধারের জন্যই লাগবে ৪০ বিলিয়ন ডলার। লুটপাটের এ চিত্র বিভিন্ন জায়গায় দেখেছি। অর্থাৎ, অর্থনীতিকে আইসিইউতে রেখে আওয়ামী লীগ পালিয়ে গেছে।
Posted ০৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন