নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানি ‘গোয়িং কনসার্ন থ্রেট’ বা ব্যবসা পরিচালনার ধারাবাহিকতা নিয়ে ঝুঁকির তালিকায় রয়েছে। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বসুন্ধরা পেপার মিলস পিএলসি। অন্যদিকে তালিকা থেকে বাদ পড়েছে ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। সম্প্রতি প্রকাশিত একটি তালিকায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রকাশিত তালিকায় বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিদ্যুৎ, সিমেন্ট, বীমা, প্রকৌশলসহ বিভিন্ন খাতের কোম্পানির নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক কার্যক্রম এবং ভবিষ্যতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। তালিকায় থাকা উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলটেক্স, আনলিমায়ার্ন, আরামিট সিমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বে লিজিং, বিপিএমএল, ইন্টারন্যাশনাল লিজিং, ন্যাশনাল টি কোম্পানি, ফিনিক্স ফাইন্যান্স, রিং শাইন টেক্সটাইল, ইউনিয়ন ব্যাংক ও জিন বাংলা সুগার মিলস।
অন্যদিকে তালিকা থেকে বাদ পড়া ডোরিন পাওয়ারের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৩ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৩ টাকা ১৯ পয়সা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫৭ দশমিক ৬ শতাংশ। একই হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যবসা চালু রাখার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার বিষয়টি না থাকায় ডিএসই কোম্পানিটিকে ঝুঁকির তালিকা থেকে সরিয়েছে বলে জানা গেছে।
শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, ‘গোয়িং কনসার্ন থ্রেট’ তালিকায় থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। শুধু শেয়ারদর বা সাময়িক মুনাফার প্রবণতা দেখে বিনিয়োগের সিদ্ধান্ত না নিয়ে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, দায়-দেনা, নগদ প্রবাহ, পরিচালন সক্ষমতা এবং নিরীক্ষকের মতামত বিশ্লেষণ করা জরুরি। বিশেষ করে দীর্ঘদিন লোকসানে থাকা, ঋণের চাপ বেশি এবং ব্যবসায়িক কার্যক্রমে দুর্বলতা রয়েছে—এমন কোম্পানিতে বিনিয়োগের আগে ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
বাজারসংশ্লিষ্টদের মতে, কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ, সঠিক শেয়ার নির্বাচন এবং কঠোর ঝুঁকি ব্যবস্থাপনাই বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি কমানোর অন্যতম উপায়।
Posted ০৯:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন