নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোববার সন্ধ্যায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ফটক, নীলক্ষেত এবং দুটি ছাত্রী হলের মধ্যবর্তী সড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন জানান, সংঘবদ্ধভাবে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ঘটনা ঘটে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি। তাঁরা মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত শিক্ষার্থী ও লোকজন তাঁদের আটক করেন। এ সময় তাঁদের মারধর করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর, সোহেল রানার বাড়ি রাজশাহী এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
পরে আটক তিনজনকে শাহবাগ থানায় নেওয়া হয়। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Posted ০৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন