অনলাইন ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৯ বার পঠিত
হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলে অনেকেই ব্যাংকঋণের কথা ভাবেন। বাড়ি সংস্কার, চিকিৎসার ব্যয়, সন্তানের উচ্চশিক্ষা কিংবা ব্যক্তিগত জরুরি খরচ—এমন নানা প্রয়োজনে ব্যক্তিগত ঋণ হতে পারে একটি বিকল্প। এ ধরনের প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দিচ্ছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।
তবে ব্যাংকের এই ঋণ পাওয়ার জন্য শুধু নির্দিষ্ট পরিমাণ বেতন থাকলেই হবে না। আবেদনকারীর পেশা, আয়, চাকরির অভিজ্ঞতা, ব্যবসার মেয়াদ এবং আর্থিক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় যাচাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করবে ব্যাংক।
সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধের জন্য পাওয়া যাবে ১২ থেকে ৯৬ মাস বা ১ থেকে ৮ বছর পর্যন্ত সময়। অর্থাৎ গ্রাহক নিজের আর্থিক সামর্থ্য ও প্রয়োজন বিবেচনায় কিস্তি পরিশোধের মেয়াদ বেছে নিতে পারবেন।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক বেতন কমপক্ষে ৪০ হাজার টাকা হতে হবে। তবে এই আয় থাকলেই সর্বোচ্চ ঋণ পাওয়া যাবে, এমন নয়। আয় ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় ঋণের সীমা নির্ধারিত হবে।
ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, মাসে ৪০ হাজার টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরিজীবীরা প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ঋণ পেতে পারেন। আর মাসিক বেতন ৫০ হাজার টাকা হলে ঋণের পরিমাণ হতে পারে ৫ থেকে ৬ লাখ টাকা।
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আয়ের শর্তে কিছুটা ছাড় রয়েছে। তবে তাঁদের ঋণের পরিমাণও আয় ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে।
সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণ নিতে আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৬০ বছরের মধ্যে। তবে পেশাভেদে ন্যূনতম আয় ও অভিজ্ঞতার শর্ত আলাদা।
অর্থাৎ চাকরিজীবীদের পাশাপাশি বাড়িওয়ালা, স্বনিয়োজিত পেশাজীবী ও ব্যবসায়ীদের জন্যও রয়েছে ঋণ নেওয়ার সুযোগ।
ব্যক্তিগত ঋণের জন্য আবেদনকারীর পাশাপাশি একজন জামিনদারের কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো—
১. আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি।
২. আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. আবেদনকারী ও জামিনদারের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিস পরিচয়পত্রের ফটোকপি।
৪. আবেদনকারীর হালনাগাদ ই-টিআইএন সনদ।
৫. সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।
সাধারণ কাগজপত্রের পাশাপাশি আবেদনকারীর পেশা অনুযায়ী আরও কিছু নথি জমা দিতে হবে।
চাকরিজীবীদের জন্য: অফিসের পরিচিতিপত্র বা লেটার অব ইনট্রোডাকশন, বেতন সনদ অথবা বেতন বিবরণী এবং সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে।
চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ, স্থপতিসহ স্বনিয়োজিত পেশাজীবীদের জন্য: সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী, পেশাগত যোগ্যতার সনদ অথবা সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের হালনাগাদ সদস্যপদের সনদ দিতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আয়ের ঘোষণা জমা দিতে হবে।
সিটি ব্যাংকের দাবি, তাদের ব্যক্তিগত ঋণে কোনো গোপন মাশুল বা চার্জ নেই। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদের হার এবং ঋণগ্রহীতার জন্য বিমা সুরক্ষার সুবিধাও রয়েছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণগ্রহীতার মৃত্যু অথবা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষা দেওয়া হয়।
তবে ঋণ নেওয়ার আগে সুদের হার, প্রসেসিং ফি, মাসিক কিস্তি এবং অন্যান্য প্রযোজ্য চার্জ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। কারণ, ঋণের পরিমাণ, মেয়াদ ও গ্রাহকের আর্থিক অবস্থার ভিত্তিতে এসব হিসাব পরিবর্তিত হতে পারে।
সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, এই ব্যক্তিগত ঋণ প্যাকেজের আওতায় প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। ব্যাংকটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ ঋণ মূলত চাকরিজীবীদের মধ্যেই বেশি জনপ্রিয়।
আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ২০ লাখ টাকা। তবে প্রায় দুই মাস আগে তা বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া যেকোনো ব্যাংকের হিসাব থেকেই এই ঋণের জন্য আবেদন করা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঋণের সুদের হার সম্পর্কে জানতে চাইলে সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত ঋণের সুদের হার পরিবর্তনশীল। বর্তমানে তা ১০ থেকে ১১ শতাংশের মধ্যে রয়েছে। তবে কমবেশি হতে পারে।
তিনি আরও জানান, আবেদন পাওয়ার পর গ্রাহকের আয়, পেশা, চাকরির ধরন ও চাকরির মেয়াদসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ঋণের যোগ্যতা এবং পরিমাণ নির্ধারণ করা হয়।
তাই সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে আবেদন করার আগে নিজের আয়, কিস্তি পরিশোধের সক্ষমতা এবং ঋণের সঙ্গে সংশ্লিষ্ট সব খরচ যাচাই করে নেওয়াই ভালো।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন