নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩২ বার পঠিত
বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সম্প্রসারিত হচ্ছে এ খাতের বীমা বাজার। আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি বীমার বাজার ৫৮ দশমিক ৫ বিলিয়ন বা ৫ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ২০২৫ সালে এ বাজারের আকার ছিল ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দশকের ব্যবধানে বাজারটি ছয় গুণের বেশি বড় হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটসের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি বীমার বাজারে বার্ষিক গড় প্রবৃদ্ধি হতে পারে ২০ দশমিক ৬ শতাংশ। চলতি বছর বাজারটির আকার দাঁড়াতে পারে ১০ দশমিক ৮ বিলিয়ন ডলারে।
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের বিস্তারের সঙ্গে বাড়ছে সংশ্লিষ্ট ঝুঁকিও। ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি যন্ত্রপাতির ত্রুটি, নির্মাণকাজে বিলম্ব এবং উৎপাদন বন্ধ থাকার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রকল্পের সম্পদ ও আয় সুরক্ষায় বীমার চাহিদা বাড়ছে।
বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ বীমা বাজারের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালে ইউরোপ ছিল এ খাতের সবচেয়ে বড় বাজার। তবে আগামী বছরগুলোতে দ্রুততম প্রবৃদ্ধি হতে পারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
বাজারে বড় অংশীদারত্ব ধরে রেখেছে কয়েকটি আন্তর্জাতিক বীমা ও পুনর্বীমা প্রতিষ্ঠান। ২০২৫ সালে চীনের পিআইসিসি এককভাবে বাজারের ২০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করেছে। অ্যালিয়াঞ্জ গ্লোবাল করপোরেট অ্যান্ড স্পেশালটি, মিউনিখ রি, পিআইসিসি, সুইস রি ও জুরিখ ইনস্যুরেন্স গ্রুপ সম্মিলিতভাবে বাজারের ৫৪ শতাংশ দখলে রেখেছে।
জ্বালানির উৎসভিত্তিক হিসাবে ২০২৫ সালে বায়ুবিদ্যুৎ প্রকল্পের বীমা বাজারের প্রায় ৪০ শতাংশ ছিল। ২০৩৫ সাল পর্যন্ত এ খাতের প্রবৃদ্ধি ২০ শতাংশ ছাড়াতে পারে। বড় আকারের ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ এ প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। এসব প্রকল্পে টারবাইনের যান্ত্রিক ত্রুটি, ব্লেড ক্ষতিগ্রস্ত হওয়া এবং উৎপাদন বন্ধ থাকার মতো ঝুঁকি মোকাবিলায় বীমা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
প্রকল্পের ধরন অনুযায়ী, ২০২৫ সালে ইউটিলিটি পর্যায়ের নবায়নযোগ্য জ্বালানি বীমার বাজারে অংশ ছিল ৬৯ দশমিক ৮ শতাংশ। ২০৩৫ সালের মধ্যে এ অংশের বাজারমূল্য ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠান পর্যায়ের নবায়নযোগ্য জ্বালানি বীমার বাজারের আকার ছিল ২০২৫ সালে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বড় প্রকল্পে বীমা সুরক্ষার প্রয়োজনীয়তার একটি উদাহরণও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ২০২৫ সালের এপ্রিলে বীমা ব্রোকার মিলার ফিলিপাইনের একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্পের জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের বীমা পলিসি নিশ্চিত করে। এ ঘটনা নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামোয় বড় অঙ্কের বিনিয়োগ সুরক্ষায় বীমার ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরে।
তবে সম্ভাবনাময় এ বাজারের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে ঝুঁকি নিরূপণের জন্য পর্যাপ্ত ঐতিহাসিক তথ্যের অভাব এবং বীমা প্রিমিয়ামের ব্যয় বৃদ্ধি বাজার সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট তথ্য ও রিয়েল-টাইম মনিটরিং প্রযুক্তি ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন এবং প্রিমিয়াম নির্ধারণ আরও কার্যকর করার চেষ্টা করছে বীমা প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া প্যারামেট্রিক বীমা এ খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। এ ব্যবস্থায় ক্ষতির পরিমাণ নির্ধারণের পরিবর্তে পূর্বনির্ধারিত আবহাওয়াগত বা অন্যান্য সূচক নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই বীমার অর্থ পরিশোধ করা হয়। ফলে বন্যা, ঝড় বা অন্যান্য আবহাওয়াজনিত ঝুঁকিতে থাকা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য এ ধরনের বীমা কার্যকর সুরক্ষা দিতে পারে।
সামগ্রিকভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণ বীমা ও পুনর্বীমা প্রতিষ্ঠানের জন্য নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে প্রকল্পের অর্থায়ন, বিনিয়োগকারীদের আস্থা এবং দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এ খাতের বীমা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
Posted ০৭:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন