নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় এবং লাইসেন্সবিহীন এজেন্টদেরকে কমিশন প্রদানের মতো অনিয়মে জড়িয়ে আস্থা হারাচ্ছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠার এক যুগ পার হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত না হতে পেরে কোম্পানিটি অনুমোদনের শর্ত লঙ্ঘন করেছে। আইনানুযায়ী সরকারী খাতে বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিদেশ ভ্রমণে গেছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়া ভাইয়ের প্রতি স্বজনপ্রীতি এবং বিতর্কিত বীমা কর্মকর্তাদেরকে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে সিইও নুরুল ইসলামের বিরুদ্ধে। বীমা আইন, প্রবিধান ও নিয়ম-নীতি লঙ্ঘন করে একটি খামখেয়ালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। পূর্ববর্তী প্রতিষ্ঠান সানলাইফে সিইও হিসাবে দায়িত্ব পালনকালীন সময়েও নুরুল ইসলামের বিরুদ্ধে দূর্ণীতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবরে দাখিলকৃত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বীমা আইন লঙ্ঘন ও এসব নেতিবাচক চিত্র ফুঁটে উঠেছে বেস্ট লাইফের। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সিএফও স্বাক্ষরিত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দাখিলকৃত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ২ কোটি ৬৯ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে। অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের বিপরীতে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় ১৫.৯৭ শতাংশ। যা ২০২৪ সালে ছিল ১৭.৩৮ শতাংশ। একটি বীমা কোম্পানিতে অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় বেশি হলে লাইফ ফান্ড ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০২৫ সালে ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে ১৭ কোটি ৩৭ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করে ১৪ কোটি ১২ লাখ টাকা। কোম্পানির মোট প্রিমিয়াম অর্জিত হয় ৩১ কোটি ৫০ লাখ টাকা। ২০২৪ সালে কোম্পানিটির মোট অর্জিত প্রিমিয়াম ছিল ২৫ কোটি ১ লাখ টাকা। তবে কোম্পানিটির লাইফ ফান্ড ও বিনিয়োগ আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
২০২৫ সালের দাখিলকৃত প্রতিবেদন অনুযায়ী, বেস্ট লাইফে লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট মাত্র ২৭৯ জন এবং লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ এজেন্ট মোট ২৬৮ জন। বীমা আইন, ২০১০ (ধারা ৫৮ ও ৫৯) এবং “বীমা এজেন্ট প্রবিধানমালা, ২০২১” অনুযায়ী, বৈধ লাইসেন্স ছাড়া কোনো বীমা এজেন্ট নিয়োগ বা কমিশন দেওয়া সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। এছাড়া এজেন্টদের নবায়ন কমিশন পাওয়ার একমাত্র পূর্বশর্ত হলো লাইসেন্সের মেয়াদ বহাল থাকা। লাইসেন্সের মেয়াদ শেষ হলে বা যথাসময়ে নবায়ন না করা হলে, প্রথম বছর বা নবায়ন প্রিমিয়াম—কোনো ক্ষেত্র থেকেই এজেন্টকে কমিশন প্রদান করা আইনগতভাবে নিষিদ্ধ। সেক্ষেত্রে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স বিপুল সংখ্যক লাইসেন্সবিহীন এজেন্টদেরকে কমিশন প্রদান করে বীমা আইন ভঙ্গ করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
দাখিলকৃত তথ্য অনুযায়ী, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর মোট বিনিয়োগ ৪৬ কোটি ৪৪ লাখ টাকা। এরমধ্যে সরকারী খাতে বিনিয়োগ আছে ১০ কোটি ৫৫ লাখ টাকা। আইনি বাধ্যবাধকতা অমান্য করে সরকারি সিকিউরিটিজে নির্ধারিত মাত্রায় বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিদ্যমান বীমা আইন অনুযায়ী প্রতিটি লাইফ বীমাকারী প্রতিষ্ঠানকে তাদের মোট সম্পদের কমপক্ষে ৩০ শতাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করার স্পষ্ট বিধান রয়েছে। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স সরকারি খাতে তাদের সম্পদের মাত্র ২২.৭২ শতাংশ বিনিয়োগ করেছে। অর্থাৎ, আইনগত বাধ্যবাধকতার তুলনায় প্রতিষ্ঠানটির বিনিয়োগ ৭.২৮ শতাংশ কম রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৩০ শতাংশ বিনিয়োগের শর্ত পূরণ না করা বীমা আইনের সরাসরি লঙ্ঘন ও ব্যত্যয়জনিত অপরাধ। আইনের তোয়াক্কা না করে এমন ঘাটতি রেখে পরিচালিত হওয়ায় কোম্পানিটির জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
দুর্বল আর্থিক ভিত্তির কারণে প্রতিষ্ঠার ১২ বছরের মধ্যেও শেয়ারবাজারে তালিকাভুক্ত না হতে পেরে কোম্পানিটি অনুমোদনের শর্ত লঙ্ঘন করেছে। বীমা আইন এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিমালা অনুযায়ী, অনুমোদন পাওয়ার ৩ বছর বা (আবেদন করে সময় বৃদ্ধি হলে আরো ২ বছর) ৫ বছরের মধ্যে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে না পারলে এটিকে আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। বীমা আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে গণপ্রস্তাব বা শেয়ার বাজারে আসতে ব্যর্থ হলে, অতিরিক্ত সময়ের প্রতিদিনের জন্য ৫,০০০ টাকা জরিমানা নির্ধারণ করা আছে। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স সময়সীমা পার হওয়ার পরও পুঁজিবাজারে আসতে দেরি করায় আইডিআরএ পর্যায়ক্রমে প্রতিদিনের জরিমানা ধার্য করেছে এবং বারবার আইপিও-র মাধ্যমে পুঁজি তোলার নির্দেশনা ও আল্টিমেটাম প্রদান করেছে।
নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিদেশ ভ্রমণে গেছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুল ইসলাম। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) স্পষ্ট নির্দেশনা লঙ্ঘন করে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন মোহাম্মদ নুরুল ইসলাম। আইডিআরএ কর্তৃক ২০১৯ সালের ২১ জুলাই জারি করা এক পরিপত্রে বীমা প্রতিষ্ঠানের সিইওদের ছুটির বিষয়ে কঠোর ও স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত বা দাপ্তরিক যেকোনো প্রয়োজনে দেশে কিংবা বিদেশে ছুটিতে যাওয়ার আগে বাধ্যতামূলকভাবে আইডিআরএকে অবহিত করতে হবে। এছাড়া ছুটিতে থাকাকালীন সিইও কত দিন এবং কোথায় অবস্থান করবেন তা লিখিতভাবে জানানোর পাশাপাশি তার অনুপস্থিতিতে কে কোম্পানির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, সেটিও আগে থেকেই নির্দিষ্ট করে জানানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিদেশে অবস্থানের কথা স্বীকার করে বেস্ট লাইফের সিইও মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন এবং আগামী ১৪ নভেম্বর দেশে ফিরে ১৫ নভেম্বর থেকে নিয়মিত অফিস করবেন। তবে বিদেশ যাত্রার আগে আইডিআরএ’কে নিয়ম অনুযায়ী অবহিত করেছিলেন কি না কিংবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব সামলাচ্ছেন—এসব প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। নিয়ন্ত্রক সংস্থার অবস্থান জানিয়ে আইডিআরএ-এর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান বলেন, বীমা কোম্পানির সিইওদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আইডিআরএকে পূর্বেই অবহিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সিইও-এর বিদেশ ভ্রমণের বিষয়ে তাদের কাছে অফিশিয়ালি কোনো তথ্য নেই। তিনি স্পষ্ট করে জানান, যদি সিইও নিয়ম না মেনে বিদেশ গিয়ে থাকেন, তবে তা সরাসরি আইন ও পরিপত্রের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। নিয়ন্ত্রক সংস্থাকে অন্ধকারে রেখে বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তার এমন বিদেশ যাত্রা এবং শীর্ষ পদটি ভারপ্রাপ্তহীনভাবে শূন্য রাখা নিয়ে এখন বীমা পাড়ায় নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সিইও তার ভাই আবুল কালাম আজাদকে এএমডি পদে এবং তার সিনিয়র হিসেবে নাসির উদ্দিন তালুকদারকে ডিএমডি পদে নিয়োগ দিয়েছেন। এছাড়া উল্লেখযোগ্য কোনো ব্যবসা না থাকা সত্ত্বেও তাদের নিয়মিত বেতন-ভাতা, গাড়ি ও ভ্রমণ বিল দেওয়া হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন অনিয়মের জন্য আলোচিত ফরিদুল আলমকে সিইও বিশেষ কৃপায় ও উন্নয়ন প্রশাসন বিভাগ প্রধানের সহযোগিতায় পুরনো সংগঠন সংযুক্ত করে অনৈতিক সুবিধা দিচ্ছেন। পর্যাপ্ত ব্যবসা না এনেও তিনি প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতন এবং গাড়ি ও জ্বালানিসহ সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। এছাড়া ফরিদুল আলম বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও ছাত্র হত্যায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত এবং একাধিক মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন মৃধাকে ডিএমডি পদে নিয়োগ দিয়েছেন, যার নাম ও ছবি এখনো কোম্পানির ওয়েবসাইটে রয়েছে। সিইও নুরুল ইসলামের এমন স্বজনপ্রীতি, দুর্নীতি ও বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার ঘটনায় বীমা খাতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা অবিলম্বে এ বিষয়ে আইডিআরএ ও পরিচালনা পর্ষদের কঠোর আইনি পদক্ষেপ দাবি করেছেন।
পূর্ববর্তী প্রতিষ্ঠান সানলাইফে সিইও হিসাবে দায়িত্ব পালনকালীন সময়েও নুরুল ইসলামের বিরুদ্ধে দূর্ণীতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সূত্র জানায়, ইতিপূর্বে সে সানলাইফ ইন্স্যুরেন্স এর সিইও থাকাকালীন তার সময়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে স্বজনপ্রীতি করে নিয়ম বহির্ভূত নানারকম আর্থিক সুবিধা প্রদান করেছেন। এছাড়া সানলাইফের জমি ও ফ্লোর বিক্রয়, সিকিউরিটিজ প্রতিষ্ঠান বিক্রয়ে আর্থিক দূর্ণীতি এবং কোম্পানির মালিকানা হস্তান্তরে মোটা অংকের কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে নুরুল ইসলাম এর বিরুদ্ধে।
সিই্ও এর স্বজনপ্রীতি, বীমা আইন লঙ্ঘন, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় এবং লাইসেন্সবিহীন এজেন্টদের অবৈধ কমিশন প্রদানের মতো অনিয়ম বেস্ট লাইফ ইন্স্যুরেন্স-কে এক চরম প্রশাসনিক শৃঙ্খলাহীনতা ও আর্থিক ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে। গ্রাহকের আস্থা হারিয়ে যাওয়ার এই সার্বিক চিত্র কেবল প্রতিষ্ঠানটির অস্তিত্বকেই সংকটাপন্ন করছে না, বরং পুরো বীমা খাতের ওপর জনসাধারণের বিশ্বস্ততাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। এ অবস্থায় কঠোর আইনগত অনুশাসন নিশ্চিতকরণ, নীতিগত স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং গ্রাহককেন্দ্রিক সেবা জোরদার করার মাধ্যমে আস্থার সংকট দূর করাই প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ।
Posted ০৫:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন