|

Advertisement
×

আবেদন থেকে পরিশোধ সবই অনলাইনে, ৯ শতাংশ সুদে মিলবে ক্ষুদ্রঋণ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

আবেদন থেকে পরিশোধ সবই অনলাইনে, ৯ শতাংশ সুদে মিলবে ক্ষুদ্রঋণ

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্রঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।

এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে কম সুদে অর্থ নিয়ে ব্যাংকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ গতকাল সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে আগে চালু করা ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি নতুনভাবে সাজিয়ে পরিচালনার জন্য অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা পাবেন এ ঋণ?

বাংলাদেশ ব্যাংকের নতুন কর্মসূচিতে সমাজের পিছিয়ে পড়া ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, দুর্গম অঞ্চলের বাসিন্দা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া প্রান্তিক নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও এ কর্মসূচির আওতায় ঋণ নিতে পারবেন।

ঋণের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে। অর্থাৎ বিতরণ করা ঋণের টাকা আদায় হলে সেই অর্থ আবার নতুন গ্রাহকদের ঋণ দিতে ব্যবহার করা যাবে।

এ কর্মসূচি চলবে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

আবেদন থেকে টাকা পরিশোধ—সবই ডিজিটাল পদ্ধতিতে

নতুন এ কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য হলো ঋণের পুরো প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা। ঋণের আবেদন, অনুমোদন, বিতরণ এবং কিস্তি পরিশোধের জন্য ব্যাংকগুলোকে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহার করতে হবে।

এ ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং ই-ওয়ালেট ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থাৎ ঋণ পেতে আবেদন করা থেকে শুরু করে কিস্তির টাকা জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ডিজিটাল সেবা ব্যবহার করতে হবে।

ঋণের মেয়াদ ও যোগ্যতা যাচাই

এ কর্মসূচির আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ মাস।

তবে ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ গ্রহণের যোগ্যতা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবির তথ্য পর্যালোচনা করাও বাধ্যতামূলক করা হয়েছে।

ঋণের অর্থের ব্যবহার নজরদারিতে রাখবে কেন্দ্রীয় ব্যাংক

ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের পাশাপাশি ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক।

এ জন্য প্রয়োজন হলে যেকোনো সময় অংশগ্রহণকারী ব্যাংকের কাছে ঋণসংক্রান্ত নথিপত্র ও প্রয়োজনীয় দলিল তলব করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। দৈবচয়নের ভিত্তিতে ব্যাংকগুলোর কার্যক্রম যাচাইয়ের পাশাপাশি সরেজমিনে পরিদর্শনও করা হবে।

নিয়ম ভাঙলে বাড়তি সুদ দিতে হবে ব্যাংককে

পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যাংক ভুল বা মিথ্যা তথ্য দিলে অতিরিক্ত সুদ বা মুনাফা আদায়ের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে পুনঃ অর্থায়নের কিস্তি পরিশোধের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলেও একই ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ক্ষেত্রে পুনঃ অর্থায়নের জন্য নির্ধারিত সুদ বা মুনাফার হারের চেয়ে ২ শতাংশ বেশি হারে অতিরিক্ত সময়ের সুদ বা মুনাফাসহ বকেয়া অর্থ এককালীন আদায় করবে বাংলাদেশ ব্যাংক।

ঋণ নেওয়ার আগে গ্রাহককে জানাতে হবে সব শর্ত

ঋণগ্রহীতার স্বার্থ সুরক্ষায় ঋণের সব শর্ত আগেই স্পষ্টভাবে জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে ডিজিটাল সম্মতি নেওয়ার আগে ঋণের পরিমাণ, সুদ বা মুনাফার হার, মোট কত টাকা পরিশোধ করতে হবে এবং কিস্তি পরিশোধের সময়সূচি সম্পর্কে সহজবোধ্য তথ্য দিতে হবে।

এ ছাড়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কী ধরনের পরিণতি হতে পারে, সেটিও গ্রাহককে আগেই জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো ডিজিটাল আর্থিক সেবার আওতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ পাওয়ার সুযোগ তৈরি করা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com