|

Advertisement
×

সুতা আমদানিতে নতুন শর্ত, পোশাকশিল্পে অস্থিরতা; সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

সুতা আমদানিতে নতুন শর্ত, পোশাকশিল্পে অস্থিরতা; সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ

রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে নতুন শর্ত ঘিরে তৈরি হয়েছে জটিলতা। বন্ড সুবিধায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানির সুযোগ বন্ধ করে ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন পোশাক রপ্তানিকারকেরা। আমদানি করা সুতা চট্টগ্রাম বন্দরে আটকে থাকলেও ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করতে না পারায় তা খালাস করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে একদিকে বাড়ছে জাহাজভাড়া ও বন্দরের মাশুল, অন্যদিকে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পোশাক রপ্তানি কার্যক্রমে।

এ পরিস্থিতিতে সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে আগামী ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সমাধান করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ করে দেয়। নতুন নির্দেশনায় বলা হয়, তৈরি পোশাক রপ্তানিকারকেরা ব্যাংক গ্যারান্টির বিপরীতে এ ধরনের সুতা আমদানি করতে পারবেন। আমদানি করা সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানি সম্পন্ন হলে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।

প্রধানমন্ত্রীর বৈঠকের পরদিন গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরকে চিঠি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। চিঠিতে দ্রুত সব পক্ষকে নিয়ে বৈঠক করে সংকট সমাধানের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আজ বাণিজ্যমন্ত্রীর বৈঠক, সমাধানের অপেক্ষায় ব্যবসায়ীরা

বিষয়টি নিষ্পত্তির জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব।

বিজিএমইএর চিঠিতে বলা হয়েছে, তারা জানতে পেরেছে, কমিটির বৈঠকের আগে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আলাদাভাবে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সঙ্গে বৈঠক করতে চায়। বিজিএমইএর মতে, এ ধরনের বৈঠক মূল সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটাতে পারে। কারণ, বিটিএমএর সঙ্গে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি।

তবে বিষয়টি নিয়ে নতুন করে দীর্ঘসূত্রতার সুযোগ রাখতে চায়নি বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী। এতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক রয়েছে কাল বুধবার (আজ)। আশা করছি, একটা সমাধান বের হয়ে আসবে।’

স্থানীয় সুতার দাম বাড়ছে, ঝুঁকিতে নিটিং ও ডাইং শিল্প

বিজিএমইএর অভিযোগ, বন্ড সুবিধায় সুতা আমদানির সুযোগ সীমিত হওয়ার পর স্থানীয় বাজারে উৎপাদিত সুতার দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় বেড়ে গেছে। এতে পোশাক প্রস্তুতকারকদের উৎপাদন খরচ বাড়ছে।

সংগঠনটির দাবি, এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি উদ্যোক্তাদের স্থানীয়ভাবে সুতা কেনার পরিবর্তে বিদেশ থেকে কাপড় আমদানির পরামর্শ দিচ্ছেন। এমন প্রবণতা অব্যাহত থাকলে দেশে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা নিটিং ও ডাইং শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, বন্দরে অনেক সুতা আটকে রয়েছে। এ কারণে রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁর দাবি, দেশের বাজারে প্রতি কেজি সুতার দাম ভারতের তুলনায় ৯৮ সেন্ট বেশি। এভাবে একচেটিয়া বাজার তৈরি হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে।

ব্যাংক গ্যারান্টি নিয়ে কী বলছে ট্যারিফ কমিশন?

১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উদ্যোক্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষের যুক্তি, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি ঠেকাতে ব্যাংক গ্যারান্টি প্রয়োজন। অন্য পক্ষের আশঙ্কা, এতে উৎপাদন ব্যয় ও চলতি মূলধনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।

এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে একটি প্রবন্ধ তৈরির দায়িত্ব দিয়েছিল। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি ওই প্রবন্ধে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থার সুবিধা ও ঝুঁকি—দুই দিকই তুলে ধরা হয়েছে।

ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যাংক গ্যারান্টি চালু হলে বন্ড সুবিধায় আমদানি করা সুতা খোলাবাজারে বিক্রির প্রবণতা কমতে পারে। কারণ, এ ব্যবস্থা সরকারের রাজস্ব সুরক্ষায় জামানত হিসেবে কাজ করবে। পাশাপাশি আমদানি করা কাঁচামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং বন্ড সুবিধার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনা সহজ হবে। এতে নিয়ম মেনে ব্যবসা করা উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতার সমতা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে।

তবে এর বিপরীতে বড় ধরনের আর্থিক চাপের আশঙ্কাও রয়েছে। ব্যাংক গ্যারান্টি নিতে হলে উদ্যোক্তাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত রাখতে হবে। এ ছাড়া ব্যাংককে কমিশন ও অন্যান্য মাশুল দিতে হবে। ফলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানার চলতি মূলধন কমে যেতে পারে।

ট্যারিফ কমিশন আরও বলেছে, ব্যাংকের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতার কারণে আমদানি প্রক্রিয়ায় সময় বেশি লাগতে পারে। উৎপাদন খরচ বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা পিছিয়ে পড়তে পারেন। বিদেশি ক্রেতারাও কম দামে পণ্য সরবরাহ করতে সক্ষম এমন দেশের দিকে ঝুঁকতে পারেন। একই সঙ্গে ব্যাংক গ্যারান্টির আর্থিক চাপ সামলাতে না পেরে ছোট ও মাঝারি কারখানাগুলো উৎপাদন কমানো কিংবা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।

এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থান, রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপরও। এ কারণে ব্যাংক গ্যারান্টির পরিবর্তে বন্ড ব্যবস্থার সংস্কার, ডিজিটাল নজরদারি এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছে ট্যারিফ কমিশন।

ব্যাংক গ্যারান্টি বহাল রাখার পক্ষে বিটিএমএ

এ বিষয়ে বিটিএমএর অবস্থান অবশ্য ভিন্ন। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাঁরা যে অবস্থান তুলে ধরেছেন, সেটিই আবার বলতে পারবেন। পরে তিনি সংগঠনের লিখিত বক্তব্য পাঠান।

বিটিএমএ মনে করে, দেশীয় বস্ত্রশিল্পের সুরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধ এবং রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে ১০–৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা প্রয়োজন।

সংগঠনটির বক্তব্য, ব্যাংক গ্যারান্টি কোনো শর্তহীন আমদানি সুবিধা নয়। বরং আর্থিক দায়বদ্ধতা ও যথাযথ তদারকির মাধ্যমে বন্ড সুবিধার অপব্যবহার ঠেকানো এবং প্রকৃত রপ্তানিমুখী শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করার একটি ব্যবস্থা।

বিটিএমএর মতে, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প একে অপরের পরিপূরক। একটি খাতের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্য খাতের বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন এবং দেশীয় শিল্পের বিনিয়োগ সুরক্ষার জন্যও বিদ্যমান ব্যবস্থা বহাল রাখা জরুরি।

চাহিদার তুলনায় উৎপাদন বেশি, তবু আমদানি কেন?

বাংলাদেশে ১০–৩০ কাউন্টের তুলার সুতার উৎপাদন, চাহিদা ও আমদানি পরিস্থিতি নিয়ে ট্যারিফ কমিশনের তথ্যেও গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে।

বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কমিশন জানিয়েছে, দেশে বছরে ১০–৩০ কাউন্টের তুলার সুতার চাহিদা প্রায় ৯২ কোটি কেজি। এর বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ১৩০ কোটি কেজি। আর এ ধরনের সুতা উৎপাদনের মোট সক্ষমতা প্রায় ১৮০ কোটি কেজি।

অর্থাৎ উৎপাদন সক্ষমতা দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি। তারপরও উল্লেখযোগ্য পরিমাণ সুতা আমদানি হচ্ছে।

ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে ১০–৩০ কাউন্টের সুতা আমদানি হয়েছিল ৪৬ কোটি কেজি। ২০২৫–২৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩৯ কোটি ৬০ লাখ কেজিতে।

২০২৪–২৫ অর্থবছরে মোট তুলার সুতা আমদানির ৬০ শতাংশের বেশি ছিল ১০–৩০ কাউন্টের সুতা। পরের অর্থবছরে এ হার বেড়ে প্রায় ৭০ শতাংশ হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালে বন্ড সুবিধার আওতায় সব ধরনের সুতা আমদানির পরিমাণ ছিল প্রায় ৬৮ কোটি ৭০ লাখ কেজি। ফলে বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ বা সীমিত করা হলে নিট পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এখন মূল প্রশ্ন, বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, আর একই সঙ্গে রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহ ও প্রতিযোগিতা সক্ষমতা কীভাবে অক্ষুণ্ন রাখা যাবে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির বৈঠকে এ দুই পক্ষের স্বার্থের মধ্যে সমন্বয় করে কী সিদ্ধান্ত আসে, তার ওপরই নির্ভর করছে চলমান সংকটের ভবিষ্যৎ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com