|

Advertisement
×

ঋণের আকার নয়, কত ভালোভাবে কাজে লাগানো হলো সেটাই আসল: অর্থমন্ত্রী

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

ঋণের আকার নয়, কত ভালোভাবে কাজে লাগানো হলো সেটাই আসল: অর্থমন্ত্রী

দেশের ঋণ পরিস্থিতির মূল সমস্যা ঋণের পরিমাণ নয়, বরং দুর্বল রাজস্ব আয় ও ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারা। ঋণ নিয়ে এমন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যেখান থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এবং ঋণের অর্থ পরিশোধের সক্ষমতা তৈরি হবে। একই সঙ্গে করের আওতা বাড়ানো, অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমানো এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কার জরুরি।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এ এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, কত ঋণ নেওয়া হলো তা নয়, নেওয়া ঋণ কত ভালোভাবে কাজে লাগানো হলো সেটাই আসল।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের অর্থনীতিতে ঋণের ভারী বোঝা ছিল। দ্রুত ঋণ বেড়েছিল, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বাজেট ঘাটতি মেটানো হয়েছিল, সুদ ব্যয় বেড়ে গিয়েছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমেছিল। তবে বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরেছে। বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন বন্ধের পথে এসেছে, রিজার্ভ বেড়েছে এবং সরকারের ঋণ গ্রহণের ব্যয়ও কমেছে।

অর্থমন্ত্রী বলেন, ঋণ ব্যবস্থাপনায় সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা। এ জন্য স্বল্পমেয়াদি ও ব্যয়বহুল ঋণের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থায়নের পরিমাণ বাড়ানো হচ্ছে। এতে সরকারের ঋণ পরিশোধের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে।

সম্মেলনে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে, অর্থাৎ ৩০ জুন ২০২৪ পর্যন্ত সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা। ওই সময় জিডিপির তুলনায় সরকারি ঋণের অনুপাত ছিল ৩৬ শতাংশ। মাত্র দুই বছরে ২০২২ সালের ৩০ জুনের ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা থেকে সরকারি ঋণ বেড়ে প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা বৃদ্ধি পায়।

সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০০৯ সালে যেখানে মোট বৈদেশিক ঋণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার, সেখানে ২০২৪ সালে তা বেড়ে প্রায় ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়।

তিনি বলেন, আগের সময়ে বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণও ব্যাপকভাবে বেড়েছিল। ২০২২ সালের ৩০ জুন সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের ঋণ ছিল ৭ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা। এ ধরনের অর্থায়ন মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করেছিল।

ঋণের সুদ পরিশোধের ব্যয়ও দ্রুত বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের ব্যয় বেড়েছিল সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com