নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৬ বার পঠিত
জামানত ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। এ স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৯ নভেম্বর এফআইডি সার্কুলার নং-০২-এর মাধ্যমে স্কিমটি হালনাগাদ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ঋণের আবেদন ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। অন্যদিকে, ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৯ শতাংশ হারে সুদ বা মুনাফা নিতে পারবে।
ঋণ বিতরণের ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া ও আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষ, প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা।
এ ছাড়া ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকেরাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, জামানতবিহীন এ ডিজিটাল ঋণ সুবিধা প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াবে। একই সঙ্গে সহজে ঋণপ্রাপ্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে। ডিজিটাল মাধ্যমে লেনদেনে মানুষের অংশগ্রহণ বাড়লে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যও এগিয়ে যাবে।
Posted ০৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন