নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত এ অর্থের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় কিংবা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরেন। নির্ধারিত ব্যয়ে কর্মী পাঠানো নিশ্চিত করতে তদারকির জন্য পৃথক সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি। একই সঙ্গে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও বিদেশে পাঠানোর কার্যক্রম কবে শুরু হবে, তা জানতে চান।
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। এ সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, আগামীকালই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষ নাগাদ দেশটিতে কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, অসাধু রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন-ভাতা না দেওয়া এবং প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত তদন্ত করছে।
মন্ত্রী আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।
বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষা এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকারের নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
Posted ০৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন