নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৪ বার পঠিত
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. নূরুল হুদা। সোমবার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির দায়িত্ব গ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকে যোগ দেওয়ার আগে নূরুল হুদা জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আইসিবিতে কর্মরত থাকাকালে তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, ট্রাস্টি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান ছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান অর্থপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামলকো) হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন নূরুল হুদা। দীর্ঘ কর্মজীবনে ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেজারি, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, প্রধান শাখা এবং বৈদেশিক মুদ্রা করপোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
ব্যাংক খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন নূরুল হুদা ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ, ট্রেজারি, ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে কাজ করেছেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারেও অংশ নিয়েছেন।
১৯৭২ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন মো. নূরুল হুদা।
Posted ০৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন