নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৫৬ বার পঠিত
দেশের ব্যাংকিং খাতে যুক্ত হয়েছে বীমা সেবার নতুন মাত্রা। ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সমন্বিত সেবা কার্যক্রম ‘ব্যাংকাসুরেন্স’ চালুর মাধ্যমে এখন ব্যাংকের শাখা থেকেই জীবন বীমাসহ বিভিন্ন বীমা পলিসি গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এ কার্যক্রমে ইতোমধ্যে দেশের ১২টি ব্যাংক করপোরেট এজেন্ট হিসেবে যুক্ত হয়েছে। এসব ব্যাংক বিভিন্ন জীবন বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছে বীমা পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তালিকা অনুযায়ী, ব্যাংকাসুরেন্স কার্যক্রমে যুক্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
এই উদ্যোগের ফলে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি বিক্রি, প্রিমিয়াম পরিশোধ এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এতে বীমা খাতের সেবা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
বীমা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের অংশীদারত্ব : আইডিআরএর তালিকায় ব্যাংকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ বীমা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, মেটলাইফ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি অব বাংলাদেশ, সন্ধানী লাইফ, আকিজ তাকাফুল লাইফ এবং জীবন বীমা করপোরেশন।
এর মধ্যে সিটি ব্যাংক কাজ করছে গার্ডিয়ান লাইফের সঙ্গে। ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অংশীদারত্ব রয়েছে মেটলাইফ এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যুক্ত হয়েছে মেটলাইফের সঙ্গে। ডাচ্-বাংলা ব্যাংকের অংশীদার গার্ডিয়ান লাইফ ও প্রগতি লাইফ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে রয়েছে গার্ডিয়ান লাইফ, প্রগতি লাইফ ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।
অন্যদিকে প্রাইম ব্যাংক যুক্ত হয়েছে ন্যাশনাল লাইফের সঙ্গে। যমুনা ও পূবালী ব্যাংকের অংশীদার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। প্রিমিয়ার ব্যাংক কাজ করছে এলআইসি অব বাংলাদেশের সঙ্গে। মিডল্যান্ড ব্যাংকের অংশীদার এলআইসি, সন্ধানী লাইফ ও আকিজ তাকাফুল লাইফ। আর ইউসিবি ব্যাংকের সঙ্গে রয়েছে জীবন বীমা করপোরেশন।
ব্যাংকাসুরেন্সে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জও : বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০২৪ সালের ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকাসুরেন্স কার্যক্রম শুরু হয়। এর আগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর ব্যাংকাসুরেন্স পরিচালনার নির্দেশিকা জারি করা হয়। একজন ব্যাংক গ্রাহককে ব্যাংকিং সেবার পাশাপাশি বীমা পণ্য সম্পর্কে ধারণা দেওয়া এবং ব্যাংকের বিদ্যমান শাখা ও ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে বীমা সেবা সম্প্রসারণই এ ব্যবস্থার মূল উদ্দেশ্য।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী, একটি ব্যাংক একই সময়ে সর্বোচ্চ তিনটি জীবন বীমা এবং তিনটি সাধারণ বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারে। তবে বীমা পলিসি বিক্রি করলেও গ্রাহকের দাবি বা বিমার অর্থ পরিশোধের মূল দায়িত্ব সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের। ব্যাংক এ ক্ষেত্রে গ্রাহককে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
ব্যাংকাসুরেন্সের মাধ্যমে বীমা খাতে নতুন গ্রাহক যুক্ত হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর কমিশনভিত্তিক আয় বাড়ার সুযোগ রয়েছে। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে গ্রাহকের কাছে পলিসির শর্ত, প্রিমিয়াম, মেয়াদ ও দাবি নিষ্পত্তির বিষয়গুলো কতটা স্বচ্ছভাবে তুলে ধরা হচ্ছে তার ওপর। ভুল তথ্য দিয়ে পলিসি বিক্রি, গ্রাহককে যথাযথ তথ্য না দেওয়া এবং দাবি নিষ্পত্তিতে জটিলতা তৈরি হলে এ নতুন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফলে ব্যাংকাসুরেন্স কেবল ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের নতুন মাধ্যম নয়, বরং দেশের বীমা খাতে গ্রাহকসেবা, স্বচ্ছতা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর একটি সম্ভাবনাময় উদ্যোগ। এখন দেখার বিষয়, ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে বীমা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে।
তথ্যসূত্র: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ এবং ব্যাংকাসুরেন্স নির্দেশিকা।
Posted ০৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন