নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকদের কাছে শেয়ার হস্তান্তর, ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধারসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গতকাল রোববার (২২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। দৈনিক বাংলা মোড় ও পল্টন মোড় প্রদক্ষিণ করে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতির বক্তব্যে ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রায় তিন কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা এবং দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তাঁরা সাত দফা দাবি উত্থাপন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দাবিকে যৌক্তিক বলে স্বীকার করলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
নুর নবী মানিকের অভিযোগ, ইসলামী ব্যাংককে ধ্বংসের পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সরকারের একটি অংশ এস আলম গ্রুপের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেন ছয় হাজার ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের উদ্যোগের মাধ্যমে ব্যাংকের মালিকানা সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছেন বলে তাঁদের আশঙ্কা। ব্যাংকটি কোনোভাবেই সরকার কিংবা এস আলমের হাতে তুলে দেওয়া যাবে না। প্রকৃত মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
ফোরামের আহ্বায়ক বলেন, সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ইসলামী ব্যাংকের সংকট আরও বাড়ছে। এ বিষয়ে অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার অনুরোধ জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা চলছে। তবে দাবি বাস্তবায়ন না হলে তিন কোটি গ্রাহকের আমানত সুরক্ষা ও ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।
সমাবেশে সাত দফা দাবি তুলে ধরে অধ্যাপক নুর নবী মানিক বলেন, প্রথমত, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। দ্বিতীয়ত, ২০১৭ সালে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছ থেকে যে শেয়ার কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিতে হবে। এস আলমের দখলে থাকা বলে দাবি করা শেয়ার উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
তৃতীয় দাবিতে ব্যাংকের স্থিতিশীলতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পরিবর্তে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, ব্যাংকের ভেতরে অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরে পাঠানো জ্যেষ্ঠ কর্মকর্তাদের ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
চতুর্থ দাবিতে ইসলামী ব্যাংকগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পঞ্চম দাবিতে বিশেষ টাস্কফোর্স গঠন করে এস আলমের বিরুদ্ধে ব্যাংকের ৮২ হাজার কোটি টাকা লুণ্ঠনের যে অভিযোগ রয়েছে, তা তদন্ত করে অর্থ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থার কথাও বলা হয়।
ষষ্ঠ দাবিতে ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের যেকোনো উদ্যোগ বন্ধ এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার অপতৎপরতা প্রতিরোধের আহ্বান জানানো হয়। সপ্তম দাবিতে ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় ফোরাম।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ও শেয়ারধারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। ব্যাংকটির ভবিষ্যৎ ও আমানতকারীদের নিরাপত্তার প্রশ্নে তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন বলেও জানান।
Posted ০৭:১৫ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন