|

Advertisement
×

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : অর্থমন্ত্রী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : অর্থমন্ত্রী

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এ স্বীকৃতি সাংবাদিকতার গুণগত পরিবর্তন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের যৌথ উদ্যোগে আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান এবং আন্দোলনের সময়ও ডিআরইউর নানা আয়োজনে অংশ নিয়েছেন তিনি। এ কারণে সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।

বর্তমান সময়ে নীতি-নৈতিকতার অবক্ষয় এবং নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ সংকট শুধু সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ নয়; রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যেও কমবেশি রয়েছে। তবে অনেক সাংবাদিক সমাজে সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। সত্য তুলে ধরে জনগণকে অবহিত করা এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি চিহ্নিত করে সঠিক পথনির্দেশনা দেওয়া সাংবাদিকদের দায়িত্ব।

তিনি বলেন, একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্যানেলের মাধ্যমে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অর্থমন্ত্রী বলেন, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নাগরিক সাংবাদিকতার (সিটিজেন জার্নালিজম) বিস্তারের ফলে গণমাধ্যমের পরিধি বেড়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব সাংবাদিকতার ক্ষেত্রকে আরও জটিল করে তুলেছে। এ বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য ও সংবাদ গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। তাই সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা সময়ের দাবি।

রাজনীতিবিদ ও সরকারের সঙ্গে সাংবাদিকদের নিয়মিত পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্মুক্ত শাসনব্যবস্থা (ওপেন গভর্নেন্স) প্রতিষ্ঠায় সব পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অপরিহার্য। সরকারের ভুলত্রুটি চিহ্নিত করা সাংবাদিকদের দায়িত্ব। আর আধুনিক ও কার্যকর রাজনীতি করতে হলে সাংবাদিকদের সমালোচনা ইতিবাচকভাবে কাজে লাগানো প্রয়োজন।

আমির খসরু বলেন, মন্ত্রী বা সরকার হিসেবে নিজস্ব, দলীয় কিংবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎস থেকে মতামত পাওয়া গেলেও সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন মতামত অত্যন্ত জরুরি।

একইভাবে সাংবাদিকদেরও নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাগত সততা বজায় রাখতে হবে।

নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সব সাংবাদিককে অভিনন্দন জানান এবং এ উদ্যোগ দেশের সাংবাদিকতায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১২ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com