|

Advertisement
×

সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনে এগোবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪৪ বার পঠিত

সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনে এগোবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং প্রবাসীদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে। এর মাধ্যমে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্যে রূপান্তর করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক সময় তাদের শিল্পকর্মের ন্যায্য মূল্য পান না। ফলে শিল্প ও সংস্কৃতি অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং মানসম্মত প্রকাশনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দেশে শিল্পসমালোচক তৈরি এবং শিল্পকর্মের নিলাম চালুর ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিল্পীদের সৃজনশীল কাজের আর্থিক মূল্যায়নের পাশাপাশি শিল্প-সংস্কৃতির একটি কার্যকর বাজার গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সৃজনশীল অর্থনীতির এই যাত্রাকে সফল করতে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ এ খাতে সফলতা অর্জন করেছে, তাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন। প্রবাসীদের দেশে ফিরে এসে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে রিভার্স ব্রেইন ড্রেইন বা মেধা পাচারের বিপরীত প্রবাহ তৈরি করার আহ্বান জানান তিনি।

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com