নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৮ বার পঠিত
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, গত মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। খাদ্য মূল্যস্ফীতিও ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে।
শনিবার রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড, অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে। নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৫০ লাখ পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
ঋণ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ঋণের চাপ থাকলেও কিস্তি নিয়মিত পরিশোধ করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ঋণ ব্যবস্থাপনা বিভাগ আলাদা করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের ওপর চাপ কমিয়ে বেসরকারি খাতে অর্থায়ন বাড়াতে ডলার বন্ড, পান্ডা বন্ড, সামুরাই বন্ড ও ইকুইটি ফান্ডের মতো বিকল্প অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম পৃথক করার কাজ চলছে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতেও সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।
সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন