নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৯ এপ্রিল ২০২০ প্রিন্ট ৮৫৪ বার পঠিত
বিডিনিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজ সম্পাদকদ্বয়
চাল চুরি নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশের শীর্ষ দুটি অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ ও বিডি নিউজ টুয়েন্টিফোর সম্পাদকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি (মামলা নম্বর ১২) দায়ের করেন। এতে শাওন আমিন ও রহিম শুভ নামে আরও দু’জনকে আসামি করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে অভিযোগকারী জানায়, কয়েকদিন পূর্বে তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে শাওন আমিন ও রহিম শুভ নামে দুজনের ফেসবুকে তাকে ’চাউল চোর’ আখ্যায়িত করে পোস্ট দেয়া হয়। একদিন পর অর্থাৎ ৯ এপ্রিল জাগো নিউজ ও বিডিনিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে তার ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক বলেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) রামবাবু রায় মামলাটি তদন্ত করছেন।
এ বিষয়ে এসআই রামবাবু রায় বলেন, মামলার তদন্তভার আমাকে দেয়া হয়েছে। মামলার নথি আজই পেলাম। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Posted ০২:১২ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com