Ad
x

সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে লেনদেন

বুধবার, ১৩ মে ২০২৬   প্রিন্ট   ২৬০ বার পঠিত

সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) দেশের শেয়ারবাজারে সূচকের ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমায় বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখনো সতর্ক অবস্থানে রয়েছে। ফলে অনেকে শেয়ার বিক্রির পরিবর্তে ধরে রাখার কৌশল নিয়েছেন, যা লেনদেনে প্রভাব ফেলেছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক সপ্তাহে বাজারে চাপ তৈরি হয়েছিল। এতে অনেক বিনিয়োগকারী নতুন বিনিয়োগ থেকে বিরত ছিলেন এবং বাজারের পরবর্তী গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছিলেন। তবে আগের কার্যদিবসে সূচকের উত্থানের পর কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নিলেও অনেকে ভবিষ্যতে আরও ভালো দামের আশায় শেয়ার ধরে রেখেছেন। ফলে সূচক বাড়লেও লেনদেনের গতি কিছুটা কমে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৭৭ পয়েন্ট, যা দিনশেষে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ দশমিক ২৮ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ দশমিক ৭১ পয়েন্টে পৌঁছেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, বিপরীতে ১৮৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের চিত্রে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২৪৫ কোটি ৪৩ লাখ টাকা।

অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে এদিন মোট ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২১ কোটি ৫ লাখ টাকার তুলনায় বেশি। সিএসইতে মোট ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির শেয়ারদর।

তবে লেনদেন বাড়লেও সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৭ দশমিক ১৪ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচকটি ৩৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ০২:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com