নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬ প্রিন্ট ৩৮ বার পঠিত
চলতি মৌসুমে দেশে মোট ৩ কোটি ২৭ লাখ ৫ হাজার ৯২৯ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সোমবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী চলতি সংগ্রহ মৌসুমে দেশে মোট ৩ কোটি ২৭ লাখ ৫ হাজার ৯২৯ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে।
তিনি বলেন, অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে বোরো ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হলেও কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকারি সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে সরকার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
গৃহীত পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রী সংসদকে জানান, হাওর এলাকায় অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ৩ মে থেকে শুরু হয়েছে। এর ফলে কৃষকরা সরকারি গুদামের আঙিনায় ধান শুকিয়ে সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় মিল মালিকরাও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছেন। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের জন্য আরও ভালো বাজার সুবিধা পাচ্ছেন।
খাদ্য প্রতিমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দিতে হাওর অঞ্চলের ছয়টি জেলায় চাল ও আটা বিক্রির জন্য বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম চালু করা হয়েছে। এ উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে, যাতে হাওর অঞ্চলের নিম্ন আয়ের ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারে।
এছাড়া সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারি সংগ্রহকেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
Posted ০৫:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com