এম,এম,আর কামরুল
বুধবার, ১৭ জুন ২০২৬ প্রিন্ট ৮০ বার পঠিত
টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর একদিনের সামান্য সংশোধন শেষে বুধবার (১৭ জুন) দেশের পুঁজিবাজার আবারও ইতিবাচক ধারায় ফিরেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে দেশের শেয়ারবাজার আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে সূচকে স্বাভাবিক ওঠানামা দেখা গেলেও বড় ধরনের পতনের আশঙ্কা তুলনামূলক কম। বরং বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতাই বেশি দৃশ্যমান, যা সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থার ইঙ্গিত বহন করে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে এবং দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অনেক বিনিয়োগকারীও আবার বাজারে সক্রিয় হচ্ছেন।
বুধবারের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২১ দশমিক ৬২ পয়েন্টে উন্নীত হয়েছে। একই সময়ে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৩৬ দশমিক ৪১ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ব্লু-চিপভিত্তিক ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৩ দশমিক ০৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টির শেয়ারদর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের পরিমাণেও উন্নতি দেখা গেছে। বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার তুলনায় প্রায় ১৫ কোটি ১৮ লাখ টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের গতি বৃদ্ধি পেয়েছে। এদিন সেখানে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৯৭ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির শেয়ারদর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেন বৃদ্ধি পেলেও সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৪৯ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসেও সূচকটি ১২৩ দশমিক ৮২ পয়েন্ট হ্রাস পেয়েছিল।
বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও পুঁজিবাজারে ইতিবাচক ধারা বজায় থাকবে।
Posted ০৪:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com