মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ

সোমবার, ২৩ মার্চ ২০২৬   প্রিন্ট   ৭৩ বার পঠিত

ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষ্যে টানা ৭ দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।

 

সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে বিভিন্ন জেলা থেকে আগত ট্রেনগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে যারা কাজে যোগ দিতে ঢাকায় আসছেন তাদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে ফিরছেন। তবে কেউ কেউ পরিবার রেখেই আগে কর্মস্থলে যোগ দিতে একাই ফিরছেন।

 

ছুটি শেষ হওয়ার একদিন আগেই পরিবার নিয়ে ‘পর্যটক এক্সপ্রেস’-এ চড়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন আজিজুর রহমান। সকাল সোয়া ৮টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর এ প্রতিবেদককে তিনি জানান, ঈদের ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দিতে হবে। কাল সকালে যদি ঢাকা ফিরতাম তাহলেও হয়তো নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করা যেত। তবে, তাড়াহুড়ো করে পরিবার নিয়ে কষ্ট হবে ভেবে একদিন আগেই চলে এসেছি।

ঈদ শুরুর আগে ঘরমুখো যাত্রীদের নিয়ে প্রায় সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছিলো। তবে ঈদের ছুটি শেষে প্রায় প্রতিটি ট্রেনই দেরি করে ফিরছে। দেরি করে ফেরার কারণ জানতে চাইলে যাত্রীরা বলছেন, ট্রেনগুলো শেষ স্টেশন থেকে ছেড়ে আসতেই এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরি করছে।

 

এদিকে স্টেশনের প্রায় প্রতিটি ট্রেনই দেরি করে আসায় ওই ট্রেনে করে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদেরও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

 

আবার ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়ও দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে কিংবা ছুটি পেয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই।

 

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ‘তূর্ণা এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৯টা পর্যন্ত সেটি ছেড়ে যায়নি। ‘পর্যটক এক্সপ্রেস’ দেরিতে ফেরায় এই ট্রেনে করে কক্সবাজারে উদ্দেশে যাওয়ার জন্যও যাত্রীদের ২ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের উদ্দেশে ‘এগারোসিন্ধু’ এবং দেওয়ানাগঞ্জের উদ্দেশে ‘তিস্তা এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টারও বেশি সময় পরে স্টেশন ছেড়েছে।

 

এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে একে একে গ্রামের পানে ছুটে যান হাজারো মানুষ। বাস-ট্রেন-লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়।

 

৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস। তাই আগেভাগেই সোমবার পরিবার-পরিজন নিয়ে রেলপথে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। আগেভাগেই ঢাকায় ফেরায় যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন তারা।

Facebook Comments Box

Posted ০৫:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com