অনলাইন ডেস্ক
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১২৭ বার পঠিত
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে বেসরকারি কোম্পানির ন্যূনতম টার্নওভার বা সম্পদের সীমা বাড়িয়ে ১ হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারে অনিয়ম ও অপব্যবহার ঠেকাতে সরাসরি তালিকাভুক্তির যোগ্যতার শর্ত আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালার খসড়া নিয়ে জনমত গ্রহণের পর ন্যূনতম আর্থিক সীমা ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত বিধিমালা চলতি সপ্তাহের মধ্যেই অনুমোদনের আশা করা হচ্ছে।
বিএসইসি চেয়ারম্যানের মতে, অতীতে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতায় বেশ কিছু দুর্বলতা ও ঝুঁকি সামনে এসেছে। এসব ঝুঁকি মোকাবিলা এবং বাজারে অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে আরও শক্তিশালী আর্থিক ভিত্তিসম্পন্ন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর কোম্পানিকে এ সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়েছে কমিশন।
বেসরকারি কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম টার্নওভার বা সম্পদের সীমা ১ হাজার কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা থাকলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানির জন্য পৃথক কাঠামো ও শর্ত প্রযোজ্য হবে।
এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্সধারী টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন কমপক্ষে ৩০০ কোটি টাকা হলে তারাও এ ব্যবস্থার আওতায় আসতে পারবে।
প্রস্তাবিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, যোগ্য কোম্পানিগুলো প্রচলিত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়া এড়িয়ে সরাসরি শেয়ারবাজারের মূল মার্কেটে তালিকাভুক্ত হতে পারবে।
এ ক্ষেত্রে কোম্পানিগুলোকে বিদ্যমান শেয়ারের ১০ থেকে ২০ শতাংশ সেকেন্ডারি মার্কেটে ছাড়তে হবে। প্রচলিত আইপিওর মতো নতুন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহের পরিবর্তে বিদ্যমান শেয়ার বিক্রির মাধ্যমে বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।
গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় ২০১০ সালের একটি পরিপত্র বাতিল করে সরাসরি তালিকাভুক্তির ওপর দীর্ঘ ১৬ বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়। বিএসইসির আনুষ্ঠানিক সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বেসরকারি, রাষ্ট্রায়ত্ত ও বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি তালিকাভুক্তির পথ পুনরায় উন্মুক্ত হয়েছে।
বাংলাদেশে ২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তির ব্যবস্থা চালু হয়। এ ব্যবস্থার মাধ্যমে ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল ও তিতাস গ্যাসের মতো রাষ্ট্রায়ত্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান এবং এ সি আই ফরমুলেশনস ও নাভানা সিএনজির মতো বেসরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসে।
তবে শেয়ারের মূল্য নির্ধারণে অস্বাভাবিকতা ও লেনদেনে অস্থিরতার অভিযোগ ওঠার পর ২০১০ সালে এ পথ বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে ২০০৯ সালে নাভানা সিএনজিকে ঘিরে শেয়ারের মূল্য ও লেনদেনের অস্থিরতা নিয়ন্ত্রকদের উদ্বেগ বাড়ায়। পরবর্তী সময়ে ২০২০ সালে বেস্ট হোল্ডিংসের ঢাকা স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়।
সরাসরি তালিকাভুক্তির যোগ্যতার আর্থিক সীমা বাড়ানোর মাধ্যমে বিএসইসি একদিকে বড় ও আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিগুলোকে পুঁজিবাজারে প্রবেশের সুযোগ দিতে চায়, অন্যদিকে দুর্বল প্রতিষ্ঠান বা অনিয়মের ঝুঁকিতে থাকা কোম্পানির প্রবেশ সীমিত করতে চায়।
নতুন বিধিমালা কার্যকর হলে বড় করপোরেট প্রতিষ্ঠানের জন্য পুঁজিবাজারে আসার বিকল্প পথ তৈরি হবে। তবে এ ব্যবস্থার সাফল্য নির্ভর করবে কোম্পানির আর্থিক তথ্য যাচাই, শেয়ারের ন্যায্য মূল্য নির্ধারণ, পর্যাপ্ত তথ্য প্রকাশ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার তদারকির ওপর।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন