|

Advertisement
×

৯০ দিনে বাংলা কিউআর লেনদেন বেড়েছে পাঁচ গুণ, কমছে মার্চেন্ট চার্জ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৭৪ বার পঠিত

৯০ দিনে বাংলা কিউআর লেনদেন বেড়েছে পাঁচ গুণ, কমছে মার্চেন্ট চার্জ

দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। মাত্র ৯০ দিনের ব্যবধানে এ পদ্ধতিতে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ। একই সময়ে লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ। এ অবস্থায় মার্চেন্টদের লেনদেন খরচ কমানো, তাৎক্ষণিক অর্থ জমা এবং গ্রাহকদের জন্য ডিজিটাল পরিশোধ সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এ সময় পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরিফ হোসেন খান জানান, গত জুনে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে এক লাখ লেনদেন হতো। এর আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। বর্তমানে দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লাখে। আর প্রতিদিন লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

বর্তমানে দেশের ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট প্রতিষ্ঠানে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারছেন।

দেশে নগদবিহীন লেনদেন বাড়ানো এবং ডিজিটাল পরিশোধব্যবস্থা সহজ করতে গত ১ জুলাই থেকে নিজস্ব কিউআরের পরিবর্তে সর্বজনীন বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে মার্চেন্টদের নতুন সুবিধা:
বাংলা কিউআরভিত্তিক লেনদেন উৎসাহিত করতে আগামী ১ অক্টোবর থেকে কয়েকটি নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর মধ্যে রয়েছে মার্চেন্টদের হিসাবে তাৎক্ষণিক অর্থ জমা, লেনদেন খরচ কমানো এবং আর্থিক প্রণোদনা।

নতুন নিয়মে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টদের হিসাবে জমা হবে। পাশাপাশি অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) তুলে দেওয়া হয়েছে। ইস্যুইং প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ ফি নির্ধারণ করা হয়েছে শূন্য।

এর ফলে মার্চেন্টদের কিউআরভিত্তিক লেনদেনের খরচ কমবে। একই সঙ্গে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিনা খরচে অথবা কম খরচে এ সেবা দিতে পারবে।

এ ছাড়া মার্চেন্ট প্রতিষ্ঠানে দুই হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআর লেনদেনের বিপরীতে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুইং প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক।

নভেম্বর থেকে ব্যক্তি-ব্যক্তি লেনদেন:
বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) লেনদেনও চালু হচ্ছে। এ ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের কিউআর কোড স্ক্যান করে অথবা অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করে আন্তঃপ্রতিষ্ঠান অর্থ স্থানান্তর করতে পারবেন।

অন্যদিকে, লেনদেন ব্যর্থ হলে দ্রুত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। লেনদেনসংক্রান্ত অভিযোগ ও বিরোধ দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করতে গত ২৭ সেপ্টেম্বর নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা কিউআর লেনদেন নিয়ে কোনো অভিযোগ থাকলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের হটলাইন ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ০৭:১২ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com