|

Advertisement
×

চীনে চোখের চিকিৎসায় বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ সেবা চালু

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৩৩ বার পঠিত

চীনে চোখের চিকিৎসায় বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ সেবা চালু

বাংলাদেশি রোগীদের চোখের চিকিৎসায় চীনে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু

চীনে উন্নত চক্ষুচিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে দেশটির কুনমিংয়ের হুয়াশিয়া আই হাসপাতাল। এর আওতায় অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে দেশে ফেরার পরও পরামর্শ নেওয়ার সুবিধা পাবেন রোগীরা।

শনিবার (২৪ অক্টোবর) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে হাসপাতালটিতে এই বিশেষ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ রানু। একই অনুষ্ঠানে তিনি হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬-এরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্য) রিদওয়ানুর রহমান এবং হুয়াশিয়া আই হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিয়ং উপস্থিত ছিলেন।

চিকিৎসার আগে-পরে মিলবে সহায়তা

নতুন ব্যবস্থায় বাংলাদেশি রোগীরা চীনে যাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিতে এবং নিজেদের চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করাতে পারবেন। চীনে পৌঁছানোর পর তাঁদের জন্য থাকবে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট এবং আন্তর্জাতিক রোগীদের জন্য নির্ধারিত বিশেষ সেবা ডেস্কের সহায়তা।

এ ছাড়া ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে দোভাষীর ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার পরও রোগীরা ফলোআপ পরামর্শ নিতে পারবেন। এর ফলে বিদেশে চিকিৎসা নেওয়ার পুরো প্রক্রিয়ায় রোগীদের সমন্বিত সহায়তা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের চক্ষুচিকিৎসা খাতের সক্ষমতা বাড়ানোর আহ্বান

উদ্বোধনী অনুষ্ঠানে শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং দেশের চক্ষুচিকিৎসা প্রতিষ্ঠানগুলোর অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, মানসম্মত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীর মর্যাদা রক্ষা করা বাংলাদেশ কনস্যুলেটের গুরুত্বপূর্ণ প্রত্যাশা।

একই সঙ্গে বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ চক্ষুচিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এ লক্ষ্যে বাংলাদেশি চক্ষুবিশেষজ্ঞ ও নার্সদের প্রশিক্ষণ, টেলিকনসালটেশন সেবা চালু এবং বাংলাদেশের চক্ষুচিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন কনসাল জেনারেল।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে চীনে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা আরও সমন্বিত সেবা পাবেন। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং দুই দেশের চক্ষুচিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের নতুন সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com