নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২৪ বার পঠিত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিন লিয়াও। সংস্থাটির বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক বো লির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হবে। এরপরই দায়িত্ব নেবেন চীনের এই উপ-অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক ঘোষণায় জানান, চীনের বর্তমান অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিন লিয়াওকে উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
আইএমএফ জানায়, ২০১৮ সালের মে থেকে লিয়াও চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৩ সাল পর্যন্ত তিনি একযোগে সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স কমিশন অফিসের উপমন্ত্রীও ছিলেন।
রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় সাধনে তার গভীর দক্ষতা রয়েছে এবং ২০২৩ সাল থেকে তিনি মুদ্রানীতি কমিটির সদস্য হন। এর আগে তিনি সেন্ট্রাল লিডিং গ্রুপ ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক ছিলেন।
লিয়াও পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ এবং ব্যাংক অব চায়নার মাধ্যমে তার পেশাজীবন শুরু করেন। এছাড়া তিনি চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনে জেনারেল অফিসের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালক ছিলেন।
নীতি ও নিয়ন্ত্রণমূলক কাজের পাশাপাশি তিনি অর্থায়ন, ব্যাংকিং সুপারভিশন, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক সুশাসনের ওপর বিভিন্ন গবেষণা করেছেন। লিয়াও পিকিং ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
জর্জিয়েভা বলেন, ২০২১ সালের আগস্টে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যোগ দেওয়ার পর থেকে বো লি আমাদের অনেকের কাছেই একজন অত্যন্ত প্রিয় সহকর্মী ও বন্ধু হয়ে উঠেছেন। বৈশ্বিক অর্থনীতির অন্যতম উত্তাল বছরগুলোতে তিনি অবিচল বিচারবুদ্ধি, বুদ্ধিবৃত্তিক কঠোরতা এবং এক শান্ত সহমর্মিতার মাধ্যমে তহবিলকে পথ দেখিয়েছেন, যা প্রতিষ্ঠানটির সর্বস্তরের মানুষ গভীরভাবে মূল্যায়ন করেছে।
তিনি আরও বলেন, উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে লি প্রায় ৯০টি সদস্য দেশের জন্য তহবিলের কাজ এবং বিভিন্ন নীতিগত বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি তহবিলের প্রথম এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পলিসি ও রোডম্যাপ প্রণয়ন এবং ডাটা গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক আধুনিকায়নের নেতৃত্ব দেন। এছাড়া, ডিজিটাল মুদ্রা ও আন্তঃসীমান্ত পেমেন্ট সংক্রান্ত কাজ পরিচালনা এবং স্টেবলকয়েন রেগুলেশন নিয়ে গুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দেন লি।
ক্ষুদ্র উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সঙ্গে তহবিলের সম্পৃক্ততা জোরদারকরণ, কমন ফ্রেমওয়ার্কের অধীনে ঋণ পুনর্গঠনে সহায়তা এবং সুশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত প্রাতিষ্ঠানিক এজেন্ডায় নেতৃত্ব দেন। সম্প্রতি লি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেছিলেন, যা নজরদারি, ঋণদান এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কার্যক্রমে এআইকে অন্তর্ভুক্ত করতে সহায়তা করেছে।
জর্জিয়েভা আরও বলেন, বো তহবিলে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছেন এবং তাকে গভীরভাবে মিস করা হবে। তার বন্ধুত্ব, বিজ্ঞ পরামর্শ এবং তহবিল ও এর সদস্য দেশগুলোর প্রতি তার নিবেদনের জন্য আমি তার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞ।
লিয়াওয়ের প্রস্তাবিত নিয়োগ ঘোষণা করে তিনি বলেন, মিন হলেন ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন অত্যন্ত সম্মানিত নীতিপ্রণেতা। তিনি বৈশ্বিক সামষ্টিক নীতি সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক রাজস্ব, আর্থিক ও বাণিজ্য সহযোগিতার সাথে গভীরভাবে যুক্ত রয়েছেন।
অভ্যন্তরীণ সংস্কার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার সংযোগস্থলে তার এই অভিজ্ঞতা সদস্য দেশগুলোর জন্য একটি বিশাল সম্পদ হবে বলেও উল্লেখ করেন তিনি।
Posted ০৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন