Ad
x

ঈদ ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   প্রিন্ট   ২৭০ বার পঠিত

ঈদ ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে চোরাচালান ও কুরবানির চামড়া পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বুধবার (৫ জুন) বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসানুল ইসলাম।

 

বিজিবি সূত্রে জানা যায়, ঈদ সামনে রেখে সীমান্ত এলাকায় গরু চোরাচালান এবং ঈদের পর চামড়া পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ প্রেক্ষাপটে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সকল বর্ডার আউট পোস্টে (বিওপি) সতর্কতা বাড়ানো হয়েছে।

 

জোন অধিনায়ক বলেন, দেশীয় উৎপাদিত কুরবানির পশু এবার দেশের চাহিদা পূরণে যথেষ্ট। তাই পার্শ্ববর্তী দেশ থেকে গরু যেন অনুপ্রবেশ না করতে পারে, সে লক্ষ্যে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। এতে করে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ঈদের পর কুরবানির চামড়া পাচার ঠেকাতে বিজিবি বিশেষ নজরদারি চালাচ্ছে। সীমান্তজুড়ে টহল, চেকপোস্ট স্থাপন এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

বিজিবি আরও জানায়, ঈদের ছুটিতে সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মাঠে সক্রিয় থাকবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রয়োজন হলে অভ্যন্তরীণ নিরাপত্তায়ও সহায়তা দেওয়া হবে।সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) বেড়ে যাওয়ায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবেশী দেশের সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়গুলো নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে।

রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে, দেশের স্বার্থে তারা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে এবং ঈদ ঘিরে কোনো অপতৎপরতা যেন না ঘটে, তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব।

Facebook Comments Box

Posted ০৭:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com