|

Advertisement
×

ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডের লেনদেনে কোনো চার্জ লাগবে না

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৫ বার পঠিত

ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডের লেনদেনে কোনো চার্জ লাগবে না

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। সরকারের এই উদ্যোগের আওতায়, কিউআর কোডের মাধ্যমে যে–কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যে–কোনো ছোট ব্যবসায়ী যে–কোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না এবং লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ছোটোখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব ।

তিনি বলেন, বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ, যা ইতোমধ্যে প্রমাণিত এবং সফল। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মন্ত্রী দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার এই সরকারি উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ০৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com