|

Advertisement
×

ঢাকার বস্তিতে টিবি শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলার সহায়তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৯ বার পঠিত

ঢাকার বস্তিতে টিবি শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলার সহায়তা

মোবাইল এক্স-রে ইউনিটে বছরে প্রায় ৯ হাজার মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনার উদ্যোগ

ঢাকার বস্তি ও সুবিধাবঞ্চিত এলাকায় যক্ষ্মা (টিবি) শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-কে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা।

জাপানের Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) কর্মসূচির আওতায় এই অনুদান দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ঢাকায় জাপান দূতাবাসে আইসিডিডিআর,বির সঙ্গে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

দুর্গম এলাকায় যাবে মোবাইল টিবি স্ক্রিনিং দল

‘ঢাকা জেলায় যক্ষ্মা নির্ণয়ের জন্য ল্যান্ড ক্রুজার সংগ্রহ প্রকল্প’-এর আওতায় অনুদানের অর্থে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি ফুজিফিল্মের বহনযোগ্য ডিজিটাল এক্স-রে ইউনিট কেনা হবে।

এর মাধ্যমে মোবাইল মেডিকেল টিম সরাসরি এমন সব জনগোষ্ঠীর কাছে গিয়ে টিবি স্ক্রিনিং করতে পারবে, যাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত।

প্রকল্পটির আওতায় বছরে প্রায় ৯ হাজার মানুষকে টিবি স্ক্রিনিংয়ের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দ্রুত শনাক্তকরণে গুরুত্ব

প্রকল্পের মাধ্যমে আগে শনাক্ত না হওয়া টিবি রোগীদের খুঁজে বের করে প্রয়োজনীয় চিকিৎসার সঙ্গে যুক্ত করা হবে। এতে রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করার পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, মানুষের জীবন ও মর্যাদা সুরক্ষাকে জাপান অত্যন্ত গুরুত্ব দেয়। যারা স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নানা বাধার মুখোমুখি হন, তাদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই প্রকল্প সেই অঙ্গীকার বাস্তবায়ন করছে।

জাপানি প্রযুক্তি ও আইসিডিডিআর,বির অভিজ্ঞতা

বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় বাস্তবভিত্তিক ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য বিভিন্ন সমাধান নিয়ে কাজ করে আসছে।

এই প্রকল্পে প্রতিষ্ঠানটির জনস্বাস্থ্যবিষয়ক অভিজ্ঞতার সঙ্গে জাপানি প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টয়োটা সুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানিও উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে টয়োটা সুসো করপোরেশন ও ফুজিফিল্ম গাড়ি ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেবে।

তৃণমূল পর্যায়ে জাপানের দীর্ঘদিনের সহায়তা

১৯৮৯ সাল থেকে জাপান সরকারের GGP কর্মসূচির আওতায় বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থার ২২৪টি প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট অনুদানের পরিমাণ প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবনিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এসব প্রকল্পে সহায়তা দিয়ে আসছে জাপান।

Facebook Comments Box

Posted ০৩:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com