নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২৯ বার পঠিত
দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার সাবেক ম্যানেজার মেহেদী জামান খান ও প্রিন্সিপাল অফিসার আয়েশা সাদাফ হুসাইনসহ চার আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন লিটন চৌধুরী ওরফে মো. ইব্রাহিম খলিল এবং জামিল শরীফ ওরফে মো. আল আমীন।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে ঋণ গ্রহণ এবং ওই ঋণের ৮৫ লাখ টাকা স্থানান্তর ও আত্মসাতের সঙ্গে জড়িত।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে আসামিদের দেশত্যাগের চেষ্টার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে আদালত চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
Posted ০৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com