|

Advertisement
×

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

তারল্য সংকট মোকাবিলা ও আর্থিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তিন মাসের জন্য এ অর্থায়ন করা হবে। এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের তাৎক্ষণিক তারল্য সংকট কমানো এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনালী ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ও নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক খেলাপি ঋণ আদায়, আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও দিকনির্দেশনায় সোনালী ব্যাংকের এই অর্থায়ন ন্যাশনাল ব্যাংকের পুনরুদ্ধার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সোনালী ব্যাংক জানিয়েছে, এর আগেও বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে বিভিন্ন ব্যাংকে অর্থায়নের মাধ্যমে তারল্য ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে তারা। এসব ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত পাওয়ার অভিজ্ঞতা রয়েছে বলে দাবি করেছে ব্যাংকটি।

ব্যাংকটির ভাষ্য, ন্যাশনাল ব্যাংকে অর্থায়নের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি এবং সংশ্লিষ্ট শর্তাবলি অনুসরণ করা হবে। এর ফলে তারল্য সহায়তা দেওয়ার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

তবে এ অর্থায়নের সুফল কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে ন্যাশনাল ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতির ওপর। বিশেষ করে খেলাপি ঋণ আদায়, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সুশাসন নিশ্চিত করার উদ্যোগ গুরুত্বপূর্ণ হবে।

সংশ্লিষ্ট দুই ব্যাংকের প্রত্যাশা, এ অর্থায়নের ফলে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা বাড়বে। একই সঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৮:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com