নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৬ বার পঠিত
পঞ্চগড়ে অনুমোদন পেয়েও উৎপাদনে যেতে না পারা ১৯টি চা কারখানার অনুমোদনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ চা বোর্ড। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামে চা বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক কৈফিয়ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে চা উৎপাদনের জন্য মোট ৬০টি কারখানাকে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন অনিয়ম এবং চা বোর্ডের নির্ধারিত শর্ত পূরণ করতে না পারায় এর মধ্যে সাতটি কারখানার অনুমোদন বাতিল করা হয়েছে। বর্তমানে ২৬টি কারখানায় নিয়মিত উৎপাদন চলছে। বাকি ২৭টি কারখানা অনুমোদন পেলেও এখনো উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি।
এ পরিস্থিতিতে উৎপাদনে বিলম্বের কারণ জানতে চা বোর্ডের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কারখানাগুলোর প্রতিনিধিদের নিয়ে কৈফিয়ত সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেজবাহ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
২৭টি কারখানার মধ্যে ১৯টির প্রতিনিধিরা সভায় উপস্থিত হয়ে উৎপাদন শুরু করতে না পারার কারণ তুলে ধরেন। তারা ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা, ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা, কাস্টমস-সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন বাস্তব প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।
সভায় চেয়ারম্যান সংশ্লিষ্ট প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে পরিস্থিতি বিবেচনায় উপস্থিত ১৯টি কারখানার অনুমোদনের মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শেষে চেয়ারম্যান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করে উৎপাদনে যাওয়ার আহ্বান জানান এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ০৭:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com